১০০-য় গানওয়ালা : রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন শুভা মুদগল

অশ্রুত বাংলা গানের সেরা সম্ভার নিয়ে বাংলা গানের উদযাপন

দাঁড়াও আমার আঁখির আগে – বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব সনজীদা খাতুনের কণ্ঠে এই রবীন্দ্রসংগীতের মূর্ছনায় শুরু হয়েছিল বঙ্গদর্শন.কম-এর নতুন প্রয়াস ‘গানওয়ালা’। যা আজ শততম পর্বে। আমাদের কাছে এই অনুষ্ঠান, এক কথায় বাংলা গানের উদযাপন। ক্ষুদ্রতার গণ্ডিতে আটকে রাখা যায় না গান-কে। এ কথা প্রাধান্য দিয়েই প্রায় বছর কুড়ি আগে রেকর্ড করা দুই বাংলার সংগীতশিল্পীদের নানা আঙ্গিকের বাংলা গান, ধ্রুপদী সংগীত, যন্ত্রসংগীত। এছাড়া, সারা ভারত থেকে তাবড় তাবড় অবাঙালি সংগীতশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীতের অশ্রুত সংগ্রহ পরিবেশন করে চলেছে গানওয়ালা।

 

ইতিমধ্যেই ‘গানওয়ালা’ পরিবেশন করেছে একাধারে রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবী, অবনীন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্রী মেনকা ঠাকুর, বাংলার ঐতিহ্যবাহী বাউল সংগীতের অন্যতম ধারক ও বাহক পবন দাস বাউল, বাসুদেব দাস বাউল, বিশিষ্ট সংগীতশিল্পী মোহন সিং খাঙ্গুরা, মান্না দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রমিতা মল্লিক, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, অন্তরা চৌধুরী, কমলিনী মুখোপাধ্যায়, বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী খাইরুল আনম শাকিল, মাসুদা আনম্ কল্পনা, অদিতি মহসিন, ইফফাত আরা দেওয়ান -এঁদের কণ্ঠে অশ্রুত সব রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দ্বিজেন্দ্রগীতি, লোকগান, আধুনিক বাংলা গান। পরিবেশিত হয়েছে শান্তিনিকেতনের সাংস্কৃতিক সংস্থা সপ্তক, শিশুতীর্থ ও ছায়ানট -দুই বাংলার শিশুশিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত, অধ্যাপক বাসবী মুখার্জি ও বাংলার বিষ্ণুপুর ঘরানার অন্যতম প্রবক্তা শ্যামাপ্রসাদ নিয়োগ’র কণ্ঠে রাগসংগীত, রণধীর রায় এসরাজ, বিশিষ্ট ভায়োলিন-বাদক সুরজিৎ মিত্র’র ভায়োলিন, গোকুলচন্দ্র দাসের ঢাক। এছাড়া বিশেষ ভাবে উল্লেখ্য, গানওয়ালা শুনিয়েছে ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ কর্ণাটকীয় উচ্চাঙ্গ সংগীতশিল্পী স্বর্গত ডঃ এম. বালমুরলীকৃষ্ণ, শ্রেষ্ঠ গায়ক হিসেবে সবচেয়ে বেশিবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কে জে যেসুদাসের কণ্ঠে রবীন্দ্রসংগীত। 

সময়ের বেড়াজালে ফিকে হতে বসা এইসব অমূল্য বাংলা গান শ্রোতাদের কাছে হাজির করছে ‘গানওয়ালা’। বাংলা গানের এই উদযাপনে শ্রোতাদের প্রতিক্রিয়াও আমাদের ঋদ্ধ করেছে, ভরসা দিয়েছে। আশা করা যায়, আগামী পর্বগুলোয় এভাবেই পাশে থাকবেন। বঙ্গদর্শন বরাবরাই পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে বাংলার ইতিবাচক দিক। চারিদিকে অতিমাত্রায় নেতিবাচকের আস্ফালন ও একঘেয়েমি কাটাতে এবার আমাদের ব্যতিক্রমী উদ্যোগ এই অনুষ্ঠান। দুই বাংলার বাংলা গানের এহেন সম্ভার আমরা ছড়িয়ে দিতে চাইছি বিশ্বপ্রাঙ্গনে। শ্রোতা বন্ধুদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে এমন উদ্যোগ আগে কখনও নেওয়া হয়েছি কিনা আমাদের জানা নেই।

 

আজ গানওয়ালা-র ১০০তম পর্বে রবীন্দ্রনাথের গান ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গাইছেন কিংবদন্তি ভারতীয় সংগীতশিল্পী শুভা মুদগল। মূলত ধ্রুপদী সংগীতশিল্পী হিসেবেই তিনি পরিচিত। তিনি একজন দক্ষ সুরকারও। ২০০০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। শান্তিনিকেতন শিশুতীর্থ ও কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য আর্থিক অনুদান সংগ্রহের লক্ষ্যে, ২০০৪ সালে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম প্রকাশিত হয়। যেখানে ভারত ও বাংলাদেশের প্রখ্যাত বাঙালি-অবাঙালি সংগীতশিল্পীরা রবীন্দ্রনাথের গান পরিবেশন করেছিলেন। শুভা মুদগলের কণ্ঠে রবীন্দ্রসংগীত দুর্লভ সংগ্রহ। অ্যালবাম: আনন্দধারা (২০০৪)।

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
রবীন্দ্রসংগীত
রাগ: খাম্বাজ
রচনাকাল: ৩ জুন, ১৯১২
রচনাস্থান: লোহিত সমুদ্রবক্ষে জাহাজে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
অ্যালবাম: আনন্দধারা
সৌজন্য ও স্বত্ব: পিঅ্যান্ডএম রেকর্ডস

প্রতিদিন সকাল ৯টায় এরকম অজস্র গান শুনতে এখনই সাবস্ক্রাইব করুন বঙ্গদর্শনের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।
 

Developed by DXDasia