ফের বিতর্কে নির্বাচন কমিশনঃ বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম, তড়িঘড়ি পুনর্নির্বাচনের নির্দেশ

ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বৃহস্পতিবার ঘটলো এই ঘটনা

বাংলার পাশাপাশি ভোটগ্রহণ পর্ব চলছে অসমে। বাংলার সঙ্গে দ্বিতীয় দফায় ভোট পর্ব শেষ হয়েছে সেখানেও‌। ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বৃহস্পতিবার ইভিএম চুরি নিয়ে উত্তাল হল অসম এবং ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ইভিএম চুরির একটি ভিডিও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। আর তারপরই শুরু হয় বিতর্ক। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন! ঘটনাটি অসমের করিমগঞ্জ জেলার। জানা গেছে, গাড়ির মালিক পাথরকান্দিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল।

গোলমাল এমন পর্যায়ে পৌঁছয় যে, পুলিশ শূন্যে ফায়ার করে লাঠিচার্জ করে। এই ঘটনার পর কমিশন রাতাবাড়ির সেই পোলিং স্টেশনে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে এবং জড়িত চার কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর বলে ভিডিওতে দাবি করা হয়েছে। রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, গৌরব গগৈ সহ বিরোধীরা ঘটনার সমালোচনা করে টুইট করেছেন।

Developed by DXDasia