সেরামিক্স শিল্পে ‘ভূগোল’ হয়ে উঠেছে ‘ইতিহাস’ : চলছে প্রদর্শনী ‘ভূ’

ইমামি আর্ট গ্যালারিতে চলছে সেরামিক্সের প্রদর্শনী ‘ভূ’

কোভিডকাল শেষের ঘোষণা প্রায় হয়ে এসেছে। সংস্কৃতির শহরের জানালা-দরজা এইবার খোলা শুরু হয়েছে। প্রাক্‌ শীতের শহরে হাজির নানান পসরা। প্রদর্শনী, নাটক, গানে মঞ্চ আবার আলোকিত হতে শুরু করেছে। এইরকম এক সময়ে শহরে অনুষ্ঠিত হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এক প্রদর্শনী, ইমামি আর্ট গ্যালারিতে। যার নাম – ‘ভূ’। ভারতবর্ষের নানা প্রান্ত থেকে সযত্নে বেছে নেওয়া বারোজন শিল্পীর সেরামিক্সের কাজের এক নবতম দৃশ্যভাষ্য।

পোড়ামাটির পরিভাষা ‘সেরামিক্স’। তাপ সঞ্চারে মাটি কঠিন হয়, পরিণত হয়, রূপান্তরিত হয় সেরামিক্সে। ফলে তাপমানের উপর নির্ভর করে সেরামিক্সের দৃশ্যগ্রাহ্যতা। মাটির মিশেলও সেই মতো তৈরি করে নেন শিল্পী। মাটিই হল সেরামিক্সের প্রধান উপকরণ। এই রকম সংবেদনশীল উপাদান আর দুটি নেই। ফলে শিল্পীর হাতের প্রতিটি স্পর্শেরই স্বাক্ষর মাটিতে থেকে যায়। পরবর্তীতে আগুনের প্রয়োগে সেই স্পর্শগুণ স্থায়িত্ব পায়। এভাবেই প্রাকৃতিক মৃত্তিকাস্তর মানুষের হাতযশে শিল্পকর্মের আঙিনায় প্রবেশ করে। এভাবেই ‘ভূগোল’ হয়ে ওঠে ‘ইতিহাস’।

এই প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম। শিল্পীরা অধিকাংশই বিগত দুই বা তিন দশক ধরে এই মাধ্যমে কাজ করে চলেছেন। চিত্র, ভাস্কর্য, ছাপচিত্রের পাশাপাশি স্বাধীন শিল্পমাধ্যম হিসেবে ভারতে এর প্রতিষ্ঠা দিয়েছেন, অনেকে সাগরপারেও বয়ে নিয়ে গেছেন এই ভূখণ্ডের নির্মাণকে। আর খুব যত্নের সঙ্গে যা করেছেন, তা হল পৃথিবীর যাবতীয় গোল, গোলাকার বা গোলাকৃতির থেকে এই মাধ্যমটির মুক্তি দিয়েছেন। সেরামিক্স মানেই তৈজসপত্র নয় বা স্থাপত্যনির্মাণের উপকরণ নয়। সেরামিক্সের স্বাধীন যাত্রাপথ আছে। যে পথে শিল্পীর প্রতিটি অঙ্গুলিহেলন এক নতুন মৃৎভাষ্যের জন্ম দেয়। তা কেবল সংগীতের মূর্চ্ছনার মতোই নয়, নৃত্যের মুদ্রার মতোও বটে।

‘ভূ’ নামক এই প্রদর্শনী চলবে আগামী ১২ ডিসেম্বর অবধি। প্রদর্শনী সম্পর্কে আরও জানুন এখানে ক্লিক করে

Developed by DXDasia