মায়া আর্ট স্পেস-এ শুরু হল বর্ণাঢ্য শিল্প-মেলা

সৃজন ও মননের নতুন নতুন দিগন্ত আবিষ্কার করে চলেছে ‘মায়া আর্ট স্পেস’

বিগত নয় বছর ধরে ভারতের সাংস্কৃতিক রাজধানীতে সৃজন ও মননের নতুন নতুন দিগন্ত আবিষ্কার করে চলেছে ‘মায়া আর্ট স্পেস’। তাঁদের উদ্যোগে গত কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে ‘মায়া আর্ট ফেয়ার’। এবছরও তার অন্যথা হয়নি। এবার তৃতীয় বর্ষে পর্দাপণ করলো এই শিল্প-মেলা।

রাজডাঙার মায়া আর্ট স্পেসে আজ থেকে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, টানা তিনদিন ব্যাপী এই শিল্প-মেলা চলবে। মর্ডান থেকে ট্র্যাডিশনাল, সবরকম কাজই এখানে থাকছে। প্রখ্যাত এবং নতুন শিল্পী, সবার কাজই সমানভাবে গুরুত্ব পাচ্ছে এখানে। এই মেলায় আপনি সংগ্রহ করতে পারেন সোমনাথ হোর, যোগেন চৌধুরী, সনৎ কর, বিমল কুণ্ডু, অতীন বসাক, পার্থ দাশগুপ্ত, মনোজ তত্ত্ব, সনাতন দিন্দা, শুভাপ্রসন্ন, প্রদীপ মৈত্র, প্রদীপ সাহা, অরুনাংশু রায় প্রমুখের সৃষ্টিকর্ম। শিল্পীদের হাতে গড়া সেরামিকস, টেরাকোটা, পোস্ট কার্ড, ফুলদানি, পটচিত্র, মুখোশের বিচিত্র সম্ভারও মুগ্ধ করার মতো। রয়েছে অনবদ্য সব ছবি, ভাস্কর্য ও স্থাপত্যকর্ম। ফুড স্টল আছে খাদ্যরসিকদের জন্য। রয়েছে সংগীতানুষ্ঠান।

একটা প্রথাগত ধারণা তৈরি হয়েছে যে, ‘আর্ট ফেয়ার’ মানেই সাধারণের নাগালের বাইরে। এই ধারণাকেই ভাঙতে চাইছে ‘মায়া আর্ট ফেয়ার’।

মায়া আর্ট স্পেস-এর কর্ণধার মধুছন্দা সেনের কথায়, “একটা প্রথাগত ধারণা তৈরি হয়েছে যে, ‘আর্ট ফেয়ার’ মানেই সাধারণের নাগালের বাইরে। এই ধারণাকেই ভাঙতে চাইছে ‘মায়া আর্ট ফেয়ার’। এই মেলায় যা যা শিল্পসামগ্রী মিলবে, তা যেন সাধারণ মানুষ সংগ্রহ করতে পারেন, সেদিকটা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পীদের কাজের প্রদর্শনী ছাড়াও মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এছাড়াও খাবারের স্টল ইত্যাদির বন্দোবস্ত রয়েছে।”   

ঠিকানা-

মায়া আর্ট স্পেস

মোহনা; ৩২৯ শান্তি পল্লি, রাজডাঙা, কলকাতা- ৭০০১০৭

Developed by DXDasia