আগামী বছর নাসার মহাকাশযান পৌঁছবে মঙ্গলে
সারা বিশ্বের নানা প্রান্তে বৈজ্ঞানিক গবেষণায় অবদান রেখে চলেছেন কৃতি বঙ্গসন্তানেরা। কলকাতার চিরঞ্জিত মুখোপাধ্যায় তাঁদেরই একজন। তিনি বর্তমানে নাসার মঙ্গল মিশন দলে যুক্ত।
গত বৃহস্পতিবার পৃথিবীর মাটি ছেড়ে মঙ্গলের দিকে যাত্রা করে নাসার মহাকাশযান ‘দ্য রোভার’। আগামী বছর ২০২১ সালে এটি লাল গ্রহে পৌঁছবে। তারপর নাসাকে তথ্য পাঠানো শুরু করবে। এই অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন চিরঞ্জিত। বায়োইনফরমেটিক্স ডেটা সায়েন্টিস্ট হিসেবে তিনি ‘দ্য রোভার’-এর পাঠানো যাবতীয় তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করবেন। মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা, সেখানে বেঁচে থাকার পরিবেশ আছে কিনা, চিরঞ্জিত তা বিশ্ববাসীকে জানাবেন।
চিরঞ্জিত মুখোপাধ্যায় ২০১০ সালে কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বায়োটেকনোলজিতে স্নাতক হন। ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি করেন। নাসার মঙ্গল অভিযানে যুক্ত থেকে তিনি বাংলার মুকুটে নতুন পালক যোগ করলেন।