August 19, 2019 | 12:00 PM

১৮ লক্ষ প্রতিযোগীকে পিছনে রেখে পুরুলিয়া থেকে সুদূর নাসা পাড়ি দিচ্ছে অভিনন্দা

স্বপ্নও সত্যি হয়। যেমন হচ্ছে পুরুলিয়ার এই মেয়ের। পুরুলিয়া থেকে নাসার দূরত্ব কতটা? দূরত্ব মাপার আগেই শুরু হয়ে গিয়েছিল স্বপ্ন দেখা। রুখা মাটির সেই ইচ্ছের ডাক শুনতে পেয়েছে মহাকাশ। আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডে সেরা হয়ে নাসা পাড়ি দিচ্ছে নবম শ্রেণির অভিনন্দা ঘোষ। টুসু-ভাদুর দেশে জন্ম এই মেয়ের। ছোটোবেলা থেকেই তার স্বপ্নের চোখ তাকিয়ে থাকত বিশাল আকাশটার দিকে। কী আছে সেখানে? মঙ্গল থেকে বৃহস্পতির দূরত্ব কতটা? চাঁদ থেকে কেমন দেখতে লাগে নীল গ্রহটাকে? এবার স্বপ্ন সত্যি হয়েছে। এই প্রথমবার পুরুলিয়া থেকে কেউ নাসা যাচ্ছে। সেন্ট জেভিয়ার্স স্কুলের এই ছাত্রী সবসময় ক্লাসে ফার্স্ট। অলিম্পিয়াডে এবারের প্রতিযোগিতায় রেকর্ড গড়েছে সে। 

বিশ্বের ১৮ লক্ষ প্রতিযোগীকে পিছনে রেখে সেরার শিরোপা জিতেছে অভিনন্দা। সাফল্যের স্বীকৃতি হিসাবে কয়েকমাসের মধ্যেই আমেরিকার নাসায় গিয়ে প্রশিক্ষণের সুযোগ পাবে সে। মেয়ের এই সাফল্যে উজ্জ্বল পরিবারের মুখ।