নাগরিক অভিযোগ সমাধানে অসাধারণ কৃতিত্বের জন্য মিলল পুরস্কার
সারা দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করল পশ্চিমবঙ্গ সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের গ্রিভান্স সেল ‘ই-সমাধান’কে ‘স্কচ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড’ প্রদান করল স্কচ ফাউন্ডেশন।
প্রত্যেক বছর সারা দেশের মধ্যে সেরা উদ্যোগগুলিকে স্কচ ফাউন্ডেশন পুরস্কৃত করে। ১০টি সিলভার, ৩টি গোল্ড এবং ১টি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় অসামান্য প্রকল্প বা প্রচেষ্টাগুলিকে। এবছর পুরস্কারের জন্য প্রায় ৪ হাজার মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড ছিনিয়ে নিল আমাদের রাজ্য সরকারের গ্রিভান্স সেল। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরে ‘ই-সমাধান’ নামের গ্রিভান্স সেল চালু করেন। এই সেলের মাধ্যমে এখনও পর্যন্ত ৯৫ শতাংশের বেশি (সংখ্যার হিসেবে প্রায় ৮ লক্ষ ১৬ হাজার) নাগরিক অভিযোগের সুষ্ঠু সমাধান করা হয়েছে। ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটেও নতুন পালক যোগ করল এই সম্মান।
গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ৬৬তম স্কচ সামিটে এই পুরস্কার প্রদান করা হয়। এর আগে ২০১৪ সালে প্ল্যাটিনাম পুরস্কার লাভ করেছিল পশ্চিমবঙ্গের ই-আবগারি দপ্তর। আবার স্কচ ফাউন্ডেশনের থেকে ‘সেরার সেরা’ সম্মান জিতে নেওয়া রাজ্যবাসীদের জন্য অত্যন্ত গর্বের।