বাড়ছে শিশুকন্যার সংখ্যার অনুপাত
স্বাস্থ্য পরিষেবায় আবার নজির গড়ল বাংলা। গত পাঁচ বছরে আমাদের রাজ্যে কমেছে নবজাতক ও শিশুমৃত্যুর হার। এমনই জানাল শনিবার প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘ন্যাশানাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫’-এর রিপোর্ট।
গত সমীক্ষাটি প্রকাশিত হয়েছিল ৪ বছর আগে। এবারের সমীক্ষায় স্পষ্ট, অভাবনীয় উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গে। আগের রিপোর্টে বাংলায় নবজাতকের মৃত্যুহার ছিল প্রতি হাজারে ২২ জন। এবার তা কমে হয়েছে ১৫.৫। চোখে পড়ার মতো উন্নতি হয়েছে গ্রামীণ অঞ্চলে। শিশুমৃত্যু হাজারে ২৭.৫ থেকে কমে দাঁড়িয়েছে ২২-এ। ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৩১.৮ থেকে কমে এখন ২৫.৪। শহরের থেকে বাংলার গ্রামে বেশি শিশুকন্যা জন্মগ্রহণ করছে। বেড়েছে শিশুকন্যার সংখ্যার অনুপাত। প্রতি হাজার পুত্রসন্তান পিছু কন্যাসন্তান জন্মেছে শহরে ৯৯৫ জন এবং গ্রামে ৯২১ জন।
প্রাতিষ্ঠানিক প্রসব বা হাসপাতালে প্রসব আমাদের রাজ্যে ৭৫.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯১.৭ শতাংশ। মা গর্ভধারণ করলে প্রথম ৩ মাসের মধ্যে ডাক্তার বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে স্বাস্থ্য পরীক্ষা করানোর নজির ৫৪.৯ শতাংশ থেকে এখন বেড়ে হয়েছে ৭২.৬ শতাংশ। যার কারণে গর্ভস্থ সন্তানের জন্য আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট টানা ১০০ দিন খাওয়ার হার ২৮ শতাংশ থেকে বেড়ে ৬২.৫ শতাংশে পৌঁছেছে।
সমীক্ষায় উঠে এসেছে, সারা ভারতে শিশুমৃত্যুর হার কমলেও বেড়েছে শিশুদের অপুষ্টি। বাংলার পরিস্থিতি গোটা দেশের তুলনায় অনেক উন্নত।
