ঘুচে গেল বেশ কাল সীমানার গণ্ডি…

প্লেটুম একটি ভার্চুয়াল মঞ্চ। তাদের নিজস্ব ওয়েবসাইটেই একমাত্র অনুষ্ঠানের লাইভ দেখানো হয়

হইহই করে জাঁকিয়ে বসছে ইন্টারনেট। আমাদের চেতনা, মন-মানসিকতা কিংবা দূরে থাকা বন্ধুটির পুরনো ভালোবাসা- সব ফিরে ফিরে আসছে ইন্টারনেটের মাধ্যমে। মহীনের ঘোড়াগুলির সেই বিখ্যাত গান “পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি…”। এক্ষেত্রে হাল আমলের দিকে চোখ রাখলে সমীকরণটা পুরোপুরি পাল্টে যায়। অনলাইন মিডিয়াম ঠিক ভবিষ্যতের মতো। ইন্টারনেট সহজলভ্য হয়ে যাবার পর গোটা বিশ্ব-সংস্কৃতির সঙ্গে আমরা নিজেদের একাত্ম করে ফেলতে পেরেছি। প্লেটুম (Playtoome) ঠিক তেমন কাজেই ব্রতী হয়েছে। সেদিক দিয়ে ভারতের প্রথম অনলাইন ডিজিটাল মিডিয়াম, যারা একবছরের মধ্যে প্রায় দুশোটি অনুষ্ঠান করে ফেলেছে। নাটক, নাচ বা গান সবকিছু নিয়েই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে প্লেটুম।

প্লেটুম একটি ভার্চুয়াল মঞ্চ। রবীন্দ্র সদন বা কলা মন্দিরে যেভাবে আমরা অনুষ্ঠান দেখি, সেইরকমই একটা অনুষ্ঠান, যেখানে দর্শক বা শ্রোতা বসে রয়েছেন ইন্টারনেটে। সারা পৃথিবী থেকে তা দেখা যাচ্ছে। প্লেটুমের সবকিছুই অনলাইনে লাইভের মাধ্যমে দেখা যাবে। পারফর্মিং আর্টের যে-কোনো মাধ্যম, তা গান, নাটক, নাচ যাই হোক না কেন, সবটাই দেখা যায় লাইভের মাধ্যমে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই লাইভ অংশটি আর দেখা যাবে না। ঠিক যেমন ভাবে কোনো মঞ্চে আপনি অনুষ্ঠান দেখতে গেছেন। সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পর আর দেখার তৎক্ষণাৎ সুযোগ থাকে না। এখানেও তাই। বা ধরুন রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে দেরি করে পৌঁছেছেন, তাহলে আপনি অনুষ্ঠানের প্রথম দিকটা বেশ কিছুটা মিস করবেন। প্লেটুম প্ল্যাটফর্মেও তাই। যে সময়টা আগে থেকে ঘোষণা করা হয়, সেই সময়েই যদি আপনি ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসে না পড়েন তাহলেই মিস। 

“ঘরে বসে সারা দুনিয়ার সাথে, যোগাযোগ আজ হাতের মুঠোতে”

সাধারণভাবে ফেসবুকে লাইভ অনুষ্ঠান দেখা যায় (টেলিভিশন ছাড়া লাইভ দেখার সুযোগ প্রথম নিয়ে আসে ফেসবুক। পরবর্তীকালে ইন্সটাগ্রাম এবং ইউটিউব সংযোজিত হয়েছে।) কিন্তু প্লেটুমের ক্ষেত্রে তা সম্পূর্ণ আলাদা। এরা ফেসবুককে বেছে নিয়েছে শুধুমাত্র প্রচারের মাধ্যম হিসাবে। তাদের নিজস্ব ওয়েবসাইটেই একমাত্র অনুষ্ঠানের লাইভ দেখানো হয়।

শুধুমাত্র ইমেল আইডি দিলেই ফ্রি রেজিস্ট্রেশনের সাহায্যে পৌঁছে যাওয়া যাবে প্লেটুমের ঘরে। অডিটোরিয়ামে যেমন টিকিট কেটে সিনেমা, থিয়েটার, অনুষ্ঠান দেখতে হয়, এখানেও তাই। আগে থেকে টিকিটের ব্যবস্থা থাকে। সামান্য টাকা দিয়ে টিকিট কেটে তবেই আপনি এই লাইভ অনুষ্ঠানগুলি অনলাইনে দেখার সুযোগ পাবেন। এর আগে প্লেটুমে অনুষ্ঠান করে গেছেন বিক্রম ঘোষ, রূপঙ্কর, শুভমিতা সহ অনেক নতুন শিল্পীরাও।

আগামী ৩০ সেপ্টেম্বর রোববার ঠিক রাত ৮টায় রয়েছে রূপম ইসলাম একক। মাত্র একটি ঘণ্টা মাত করবেন রূপম এবং তা সরাসরি পৌঁছে যাবে সারা বিশ্বে। এমন অভিনব একটি উদ্যোগের পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন রূপম স্বয়ং। অনুষ্ঠান দেখতে দেখতে আপনি হাততালি দিতে পারেন, প্রিয় শিল্পীকে ছুঁড়ে দিতে পারেন গোলাপগুচ্ছ, আবার আপনার গানের একটি অনুরোধ পৌঁছে যাবে শিল্পীর কাছে, শিল্পী আপনার অনুরোধ রেখে সেই গান ধরবেন, আপনিও গলা মেলাবেন দু-কলি। এভাবে অনুষ্ঠান এগোবে। ঠিক যেমন কোনো মঞ্চের অনুষ্ঠান এগোয়। প্লেটুম নিবেদিত রূপম ইসলাম একক, ৩০ তারিখ তাদের নিজস্ব ওয়েবসাইটে সরাসরি দেখতে পাবেন। যার টিকিট মূল্য মাত্র ১০০ টাকা। তাহলে আর দেরি কেন? রোববার রাত ৮টার আগে সমস্ত কাজ শেষ করে বসে পড়ুন আপনার মোবাইল বা ল্যাপটপটি নিয়ে। তার আগেই ঝটপট কেটে ফেলুন টিকিট। 

Developed by DXDasia