বিভ্রান্তিমূলক প্রচারে কান না দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন আদিবাসীদের কাছে
উত্তরবঙ্গের পাহাড়, তরাই, ডুয়ার্সের চা-বাগানে রয়েছেন প্রচুর আদিবাসী ভোটার। ওই এলাকায় তাঁরা ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করেন। আদিবাসী সংরক্ষিত আসনও রয়েছে বেশ কয়েকটি। ফলে আদিবাসীদের ভোট টানার জন্য রাজনৈতিক দলগুলো খুব ব্যস্ত হয়ে পড়ে ভোটের আগে। আদিবাসীদের মধ্যে কয়েকটি সংগঠনও রয়েছে। যারা আদিবাসীদের ভোট নিয়ে নানারকম নির্দেশিকা দিয়ে থাকে। আর সেসব সংগঠনগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল ‘অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ’। সেই সংগঠন থেকে এবার পরিষ্কার করে জানিয়ে দেওয়া হল, তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র সমর্থন করবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীদের।
অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য সভাপতি বিরসা তিরকি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তৃণমূল প্রার্থীদের সমর্থনে তাঁরা রাজ্যের সর্বত্র প্রচার শুরু করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি সর্বত্র আদিবাসীদের কাছে আবেদন করেছেন। অন্য কোনও দল বা নির্দল প্রার্থীদের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
১৯ মার্চ বিরসা তিরকি উত্তরবঙ্গে আসছেন। তিনি চা বাগানগুলো পরিদর্শন করবেন আর তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আদিবাসীদের কাছে আবেদন জানাবেন। ডুয়ার্সের মালবাজারে তিনি একটি বৈঠকও করবেন। কোনওরকম বিভ্রান্তিমূলক প্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন আদিবাসীদের কাছে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে কাজ করেছেন। সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন ঘটিয়েছেন। ফলে আদিবাসীদেরকে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে হবে। যদিও গত ২৭ ফেব্রুয়ারি বিকাশ পরিষদের এক সভায় তৃণমূল প্রার্থীদের সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের কথা এখন আরও বেশি বেশি করে আদিবাসীদের মধ্যে প্রচার করার কথা বলছেন বিরসা তিরকি।