August 18, 2017 | 12:00 PM

আকাশ ছোঁয়া দুর্গা এবার আগরতলায়

দেশপ্রিয় পার্কের হাওয়া এবার আগতলার গায়ে। ক্লাবের ৬০ বছর পূর্তিতে দেখা মিলবে ৬০ ফুট উঁচু দুর্গা প্রতিমা। বাঙালির বড় উৎসবে বড় দুর্গা। ক্লাবকর্তাদের ধারণা এর ফলে তাঁদের ক্লাবের নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। 

আগরতলার নেতাজি প্লে ফোরাম ক্লাবের এটা ৬০ বছর পূর্তি। ক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষ তৈরি করা হচ্ছে এই জাম্বো-দুর্গা। থিমের নাম নাকি ‘৬০-এ ৬০’। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধো-কানহুর প্রতি তাঁরা শ্রদ্ধা জানাতে চান এই ষাটফুট মা’কে পুজো করে। কী করে? তারও সহজ পথ তাঁরা ভেবে ফেলেছেন। দুর্গাকে সাজানো হবে সাঁওতাল মেয়ের সাজে। প্রতিমা তৈরি করছেন শিল্পী অসীম দেবরায়। মূর্তিগুলি তৈরি করা হচ্ছে ফাইবার গ্লাসে। শিল্পীর কথায়, অগস্ট মাসের শেষে সড়ক পথে পাঠানো হবে মূর্তিটি আগরতলায়। ক্লাবের তরফে জানানো হয়েছে, ২৩ সেপ্টম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিমা দর্শন করা যাবে। পুজোর উদ্বোধনের জন্য এবং আদিবাসি পরিবেশ তৈরি করার জন্য পুরুলিয়া থেকে নিয়ে যাওয়া হবে সাঁওতালদের।