April 19, 2022 | 12:00 PM

দু’বছর পর আরও বড়ো পরিসরে ফিরছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন

দু’বছরের ব্যবধানে ফের স্বমহিমায় ফিরে এলো ‘দ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (The Bengal Global Business Summit) বা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। ষষ্ঠতম বর্ষে এই বাণিজ্য সম্মেলন বিভিন্ন দেশের বাণিজ্য-প্রতিনিধিদের স্বাগত জানানো ছাড়াও এ দেশের বড়ো বড়ো শিল্পপতিদের আমন্ত্রণ জানাচ্ছে। বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দু’দিনের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। লগ্নি আনার উদ্দেশে সেই প্রস্তুতি এখন তুঙ্গে।  

২০ থেকে ২১ এপ্রিল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই বাণিজ্য সম্মেলন। মাইন-ব্যারন গৌতম আদানি, হিন্দুস্তান লিভারের প্রধান সঞ্জীব মেহতা, আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ খাড়া, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা-র অনীশ শাহ, জেএসডাব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, ইন্ডিয়ান মেটাল অ্যান্ড ফেরো অ্যালয়-এর এমডি এস.কে. পান্ডা, আইটিসি চেয়ারম্যান সঞ্জীব পুরি, টিসিজি গ্রুপের চেয়ারম্যান পূর্ণেন্দু চ্যাটার্জি, গ্রেট ইস্টার্ন এনার্জি চেয়ারম্যান এবং এফআইসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ওয়াই.কে মোদী, RP-SG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, ইউনিভার্সাল সাকসেস চেয়ারম্যান প্রসূন মুখার্জি এবং অ্যাডভেঞ্জ গ্রুপের চেয়ারম্যান সরোজ পোদ্দার সহ অন্যান্য শিল্পপতিদের এই সম্মেলন এক ছাতার নীচে আনবে।  

এই বাণিজ্য সম্মেলনে তুলে ধরা হবে রাজ্যের অর্থনৈতিক কর্মক্ষমতার উজ্জ্বল দিকগুলি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০২০-২১-এর রিপোর্ট অনুসারে, পশ্চিমবঙ্গ মাথাপিছু অভ্যন্তরীণ পণ্যের বৃদ্ধিতে প্রথম স্থানে রয়েছে। এছাড়াও ভারতে যত MSMEs (মাইক্রো, ছোট এবং মাঝারি উদ্যোগ) রয়েছে, তার সম্প্রসারণে রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে।

২০১৫ সালে ধারণা করা হয়েছিল, প্রাথমিকভাবে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা প্রদর্শনের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসাবে, BGBS তার ষষ্ঠ সংস্করণে প্রথমবারের মতো দুটি মর্যাদাপূর্ণ ব্যবসায়িক অংশীদারকে স্থান দিয়েছে। দুটি হল FICCI এবং CII (Confederation of Indian Industry)। FICCI শুরু থেকেই BGBS-এর অংশীদারিত্ব পেয়েছে আর CII এই বছরই আত্মপ্রকাশ করেছে। এছাড়াও থাকছে চারটি নলেজ পার্টনার – KPMG, PwC, E&Y এবং Crisil.

BGBS শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এবং তার আগে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জি, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি, মুকেশ আম্বানি, এল.এন. মিত্তল, স্বরাজ পল এবং পবন মুঞ্জাল। ২০১৯-এর BGBS-এ অংশগ্রহণ করেছিল ১২টি অংশীদার দেশ এবং ৩৫টি দেশের ৪৫০ জনেরও বেশি প্রতিনিধি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, ২০২০ থেকে দ্বিবার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে এই বাণিজ্য সম্মেলনটি হবে, যদিও কোভিড এই পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়ায়।

২০২২-এর এই বাণিজ্য সম্মেলনেও দেশ-বিদেশের প্রতিনিধিরা যোগ দিতে চলেছেন। ১৪টি অংশীদার দেশ এবং ৪০টি অংশগ্রহণকারী দেশ থাকবে। সহযোগী দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কেনিয়া, মালয়েশিয়া, নরওয়ে ও ফিনল্যান্ড। এর আগে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগও হয়েছে। এ বারের লক্ষ্য, আগের চেয়ে আরও বড়ো আকারে এই সম্মেলন আয়োজন করা। একই সঙ্গে শিল্প-সহ নানা ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ টেনে আনাও লক্ষ্য। কোভিডের কারণে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে। তাই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে প্রত্যাশাও অনেক বেশি থাকছে এবার।