August 9, 2017 | 12:00 PM

শিল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজ্যের জেলবন্দিরাও

ভারতের বিভিন্ন রাজ্যের জেলবন্দিদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে শিল্প উৎসব। দিল্লির তিহার জেলে আয়োজন করা হয়েছে এই উৎসবের। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা তাঁদের আঁকা ছবি, ভাস্কর্যের সঙ্গে গান-নাচ-নাটকও পরিবেশন করবেন।

পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারের জনা পঞ্চাশেক বন্দিও অংশ নিচ্ছেন সেই উৎসবে। কারা দপ্তর সূত্রে জানা গিয়েছে, আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মৃৎশিল্পী হিসেবে প্রাথমিকভাবে চন্দন চন্দ ও তপন বাউড়ির কথা ভাবা হয়েছে। রঞ্জিৎ লাহা, চিন্ময় বসু, শেখ নাজিম, ইয়ারনর শেখ – এঁরা ছবি আঁকার দলে। প্রেসিডেন্সি, দমদম, আলিপুর মহিলা সংশোধনাগারেরও বেশ কয়েকজন বন্দি যোগ দেবেন সেই উৎসবে।

১৭ আগস্ট থেকে ২৫ আগস্ট ছবি ও ভাস্কর্যের প্রতিযোগিতা এবং প্রদর্শনী হবে তিহার জেলে। তারপরে নাচ-গান-নাটকের কর্মশালা। তিহার সংশোধনাগারে থাকার ব্যবস্থা করা হয়েছে অংশগ্রহণকারীদের। সঙ্গে থাকবেন কারা বিভাগের কয়েকজন আধিকারিকও।

Developed by DXDasia