
কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করছেন বিরল দৃশ্য, কেউ আবার সেলফি তুলতে ব্যাস্ত ‘বাহুবলী’-র সঙ্গে। না না, প্রভাস নয়। তিস্তার গজলডোবায় জেলেদের জালে ধরা পড়ল ৫০ কেজি ওজনের আড় মাছ। আর এই বিশাল বপুর বাঘা মাছকে আয়ত্বে আনতে গিয়ে জখম হলেন চার জন মৎস্যজীবী।
জলপাইগুড়ি স্টেশন বাজারে খবর পৌঁছতেই মাছটিকে দেখতে ভিড় জমে যায়। চটজলদি নামকরণও করা হয়, বাহুবলী। মাছ বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক অতীতে এত বড় আড় মাছ ধরা পড়েনি তিস্তায়। তবে এ মাছের স্বাদ পেতে আরও এক রাত। রবিবার বাঘা বাহুবলীকে পাওয়া যাবে বাজারে।