July 15, 2017 | 12:00 PM

অ্যাথলিটদের স্বার্থে হেল্পলাইনের দাবি বিন্দ্রার

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের দপ্তরে চিঠি পাঠালেন অভিনব বিন্দ্রা। প্রধানমন্ত্রীর অলিম্পিক টাস্ক ফোর্সের অন্যতম সদস্য ও অলিম্পিকে সোনার পদকজয়ী অভিনব বিন্দ্রার দাবি, ভারতীয় ক্রিড়াবিদদের জন্য হেল্পলাইন চালু করা হোক অবিলম্বে। দেশের বাইরে আন্তর্জাতিক ইভেন্টে খেলতে যাওয়ার সময় বিভিন্ন সমস্যা দেখা দেয়, সেগুলির সমাধান খোঁজার জন্যেই হেল্পলাইন চালু করার প্রস্তাব বিন্দ্রার।

বিন্দ্রা চিঠিতে লেখেন, ‘আমাদের প্যারালিম্পিক অ্যাথলিটের সঙ্গে সম্প্রতি বার্লিনে যে ঘটনাটি ঘটেছে তাতে প্রশ্ন উঠছে  অ্যাথলিট ম্যানেজমেন্টের ওপর। এই ধরনের ঘটনা ভারতীয় খেলার দুনিয়ায় প্রায়ই ঘটে। ফলে সবার তিক্ত অভিজ্ঞতা তৈরি হয় এবং অনেক ভালো কাজের ওপর পর্দা পড়ে যায়। এই বিষয়ে তাই আমার কিছু প্রস্তাব আছে। প্রথমেই একটি হেল্পলাইন তৈরি করতে হবে এবং কন্টিনজেন্সি ফান্ডের ব্যবস্থা করতে হবে যাতে বিদেশে গিয়ে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয় আমাদের খেলোয়াড়দের।’

দুদিন আগেই, প্যারালিম্পিক সুইমার কাঞ্চনমালা পাণ্ডের বার্লিনে দুরবস্থার কথা টুইট করে জানান বিন্দ্রা। তারপরই ক্রীড়ামন্ত্রীর দপ্তরে চিঠি পাঠান তিনি।

Developed by DXDasia