September 1, 2017 | 12:00 PM

দোরগোড়ায় পুজো, হাজির ‘আশ্বিন প্যাকেজ’

পুজোর গন্ধ চারপাশে। হাতে গোনা কয়েকদিন বাকি আর। এর মধ্যেই, আট হাজার বাঁকুড়ার পদ্মের অর্ডার এল রাজ্যে। অর্ডারটি এসেছে ইয়র্কশায়ার বাঙালি অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে। রাজ্যের কৃষি শিল্পোন্নয়ন নিয়মের কর্তারা যোগাযোগ করেছেন বাঁকুড়ার জলপদ্মের চাষিদের সঙ্গে।

শুধু পদ্মই নয়, দুর্গাপুজোর উপকরণ হিসেবে ধান, দূর্বা, বেলপাতা, কলাবউ-এরও চাহিদা জানিয়েছে লন্ডনের বেশ কিছু ক্লাব। তাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই, রাজ্য কৃষি শিল্পোন্নয়ন নিগম নিয়ে এল ‘আশ্বিন প্যাকেজ’। এই প্যাকেজের ভিতরে থাকছে দুর্গাপুজোর প্রয়োজনীয় নানা ধরনের সরঞ্জাম।

লন্ডনের দুর্গাপুজো কমিটিগুলির চাহিদার ফলে লাভের মুখ দেখছে বাংলার চাষিরা। এর ফলেই, আরও উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে কৃষি ও শিল্পোন্নয়ন নিগম। আগামী দিনে শুধু লন্ডন নয়, ‘আশ্বিন প্যাকেজ’ ছড়িয়ে পড়বে আমেরিকাতেও, আশা তাদের।