আগামী প্রজন্মকে কি নতুন পৃথিবী দেখাতে পারব? – ঘরে ফেরার ছবি আঁকলেন অরুণাংশু রায়

ঘরে ফেরা ৩ – শিল্পী অরুণাংশু রায়

করোনার থাবা হঠাৎ করেই যেমন আমাদের প্রত্যেককে গৃহবন্দি করে রেখেছে, পাশাপাশি সমগ্র বিশ্বকে এক ছাদের তলায় নিয়েও এসেছে। আসলে সমগ্র পৃথিবীটাই তো একটা ছাদ, এটাই সবাই ভুলে গিয়েছিলাম। বাড়ি থেকেই আত্মীয়-বন্ধুদের ভিডিও কলের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশ থেকে কথোপকথন হচ্ছে অনলাইনে – এ-ও বা কম কী! নিজেদের ছাড়া বাকিটুকু ভাবার কোনও অবকাশ কি সত্যিই ছিল আমাদের? তাই যখন সারাবছর বাহারি পদের সুঘ্রাণ ভেসে আসত বাড়ি বাড়ি থেকে, তখন দেশের খাদ্যসংকট যে কি ভয়াবহ তা ভুলে যাচ্ছিলাম। এখন এই অবস্থায় মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, ভাবতে শেখাচ্ছে, ভালোবাসোতে শেখাচ্ছে। কারণ ওই একটিই – করোনা ভাইরাস, যার দ্বারা আক্রান্ত গোটা বিশ্ব। 

লকডাউনে নিজের ঘর এবং কাজ নিয়ে কথা বলছেন শিল্পী অরুণাংশু রায়

কয়েকদিন আগেই আমরা দেখেছি দিল্লি থেকে প্রায় ৫০,০০০ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন পায়ে হেঁটে। লকডাউন চলাকালীন তাঁরা প্রত্যেকেই বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু কীভাবে তাঁরা বাড়ি ফিরবেন, এ কথা বড়োবাবুরা বলে দেননি। অতএব হাঁটাই ছিল তাঁদের একমাত্র পৌঁছানোর উপায়। তাঁরা হাঁটছেন ২০০ মাইল – ৪০০ মাইল – ৭০০ মাইল।

ঠিক এমন পরিস্থিতিতে বঙ্গদর্শন শুরু করেছিল ‘ঘরে ফেরা’ সিরিজ। গৃহবন্দি অবস্থায় চিত্রশিল্পীরা কীভাবে এই পরিস্থিতি দেখতে চাইছেন বা মোকাবিলা করছেন, তা তাঁদের বিভিন্ন কাজের মাধ্যমে তুলে ধরছেন। আজ রইলেন শিল্পী অরুণাংশু রায়। তিনি বলছেন, আমরা হয়তো নতুন পৃথিবী গড়তে পারব। আগামী প্রজন্মের জন্য নতুন পৃথিবী আমাদের গড়তেই হবে। নাহলে সবটা ওলটপালট হয়ে যেতে পারে। তাঁর কাজেও উঠে এল সেইসব ছবি। যে ছবি হতাশার, দারিদ্র্যের, যন্ত্রণার, আশাবাদেরও। 

চিত্রশিল্পী – অরুণাংশু রায় 

Developed by DXDasia