
শান্তির দিকে এক ধাপ এগোলো গ্যাব্রিয়েল গারসিয়া মার্কেজের দেশ। কট্টর বামপন্থী ‘রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ শেষ হয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। অস্ত্র সমর্পণ অনুষ্ঠান সম্পন্ন করার দায়িত্বে থাকা জাতিসংঘ দল জানায়, অনুষ্ঠানে ৭ হাজার ১৩২টি অস্ত্র জমা দিয়েছেন বিদ্রোহীরা। এই অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের সমাপ্তি ঘটাল ফার্ক। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্কের কমান্ডার রদ্রিগো লনডোনো ও কলম্বিয়ায় জাতিসংঘ মিশনের প্রধান জিন আর্নল্ট। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস লিখেছেন, কলম্বিয়ায় গত ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভালো খবর।