July 13, 2017 | 12:00 PM

অমরনাথ গুহা আসলে এক মুসলিমের আবিষ্কার

এক মুসলিম মেষপালক তিনি। ৫০০ বছর আগে আবিষ্কার করেছিলেন হিন্দু পুরাণে বর্ণিত অমরনাথ গুহা। বুটা মালিক নাম তাঁর। এখনও তাঁর বংশধরেরা অমরনাথ যাত্রার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে থাকেন প্রতিবছর। পহেলগাঁও-এর কাছে বটকোট গ্রামে থাকেন তাঁরা।

বিবিসি সূত্রে খবর, বুটা মালিকের অধঃস্তন সপ্তম পুরুষ গুলাম হুসেইন মালিক জানান, একবার প্রবল শীতের হাত থেকে বাঁচতে বুটা মালিক একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। সঙ্গে ছিলেন সদ্য আলাপ হওয়া এক সাধু। ভেতরে ঠান্ডা লাগায়, শীতের প্রকোপ থেকে বাঁচতে ওই সাধু একটা কাঙ্গরি(কাশ্মীরে শীতের হাত থেকে রক্ষা পেতে মানুষজন একটা ছোট ঝুড়ির মধ্যে কাঠকয়লার আগুন জ্বালিয়ে ঢোলা পোশাকের ভেতরে রেখে দেন। ঝুড়িটিই কাঙ্গরি নামে পরিচিত) দিয়েছিলেন বুটা মালিককে। সকালবেলায় বুটা মালিক দেখেন, ওই কাঙ্গরিটি সোনার হয়ে গেছে।

গুহা থেকে বের হতেই বুটা মালিক দেখেন সামনে অনেক সাধু-সন্তের একটা মিছিল। তাঁরা ভগবান শিবের খোঁজ করছিলেন ওখানে। বুটা ওই সাধু-সন্তদের জানান যে ভগবান শিবের সঙ্গে তাঁর একটু আগেই দেখা হয়েছে গুহার ভেতরে। সাধুদের তিনি গুহায় নিয়ে যান। দেখা যায় বরফের তৈরি এক বিশাল শিবলিঙ্গ, সঙ্গে পার্বতী আর গণেশও। ওই ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় অমরনাথে তীর্থযাত্রা।