July 11, 2017 | 12:00 PM

আইজলের আই লিগ জয় নিয়ে ছবি বলিউডে

আইজল এফ সি-র ‘ঐতিহাসিক’ আই লিগ জয় নিয়ে এবার সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। আইজলের কোচ খলিদ জামিল ও তাঁর টিমের কঠিন যাত্রাপথ এবং জয়ের কাহিনিকে ভারত এবং বিশ্বের দরবারে তুলে ধরবে এই ফিল্ম। ছবির নাম ‘ফ্রম জিরো টু হিরো’। আক্ষরিক অর্থেই শূন্য থেকে শুরু করেছিলেন জামিল। মিজোরামের এই ক্লাবটিকে কেউই লিগের শুরুতে গুরুত্ব দেয়নি। অখাত কিছু ফুটবলার কী ভাবে লিগ শীর্ষে নিজেদের নিয়ে গেল, এই সাকসেস স্টোরিই দেখাতে চাইছে বলিউড।

ক্লাব মালিক রবার্ট রয়তের কাছ থেকে ইতিমধ্যেই সম্মতি আদায় করে নিয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা প্রযোজক রাজধানী প্রডাকসন হাউজের তরুণ রাঠি। তিনি বলছেন, মিজোরামের একটা কম বাজেটের ক্লাব যেভাবে ভারত সেরার খেতাব ছিনিয়ে নিয়েছে, এটা বিরাট ব্যাপার। সারা দেশের কাছে আইজলের সাফল্য আসলে অনুপ্রেরণা। তাই এই ফিল্ম তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানা যাচ্ছে বিগ বাজেটের এই ছবিতে আইজল কোচের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। বলিউডের অন্য স্টারেরাও এই ছবিতে অভিনয় করবেন বলে সূত্রের খবর।

Developed by DXDasia