
নিউটাউনে বায়ুদূষণকে প্রতিরোধ করতে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে অ্যাপ পরিচালিত সাইকেল চালু হয়েছে ইতিমধ্যেই। এবার রাস্তার ধুলো শুষে নেওয়া জন্য সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে নতুন যন্ত্র। পাশাপাশি, আবহাওয়া সংক্রান্ত তথ্যও পাওয়া যাবে সেই যন্ত্র থেকে। জানা যাবে বৃষ্টিপাতের পরিমাণও।
জার্মানি ও ফ্রান্সে বায়ুদূষণকে নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। নিউটাউন শিল্প তালুক কর্তৃপক্ষ ওয়েবল মোড়, টেকনোপোলিস মোড়, কলেজ মোড়ের মতো জায়গায় এই মেশিন বসাবে। একেকটি মেশিন বসাতে খরচ পড়বে ১২ লক্ষ টাকার মতো। এই উদ্যোগের সঙ্গে সঙ্গে দূষণ প্রতিরোধে কোন কোন গাছ লাগালে বেশি উপকার পাওয়া যায়, তার সম্পর্কে নিশ্চিত হতে পরিবেশবিদদের নিয়ে একটি সমীক্ষাও চালু হয়েছে নিউটাউনে। জানা গেছে, গোটা নিউ টাউনে ২৬ হাজারের মতো বড়ো গাছ থাকলেও সেক্টর ফাইভ অঞ্চলে বড়ো গাছের সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই বন দপ্তরের সহায়তায় নিম, অর্জুন, বেল, সেগুনের মতো দূষণ রোধে কার্যকরী ২৬টি প্রজাতির গাছ লাগানো হবে সেক্টর ফাইভে।