
প্রযুক্তির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ল রাজ্য পরিবহণ নিগমের এসি বাসের টিকিট বিক্রি। পথদিশা অ্যাপ এবং ট্রান্সপোর্ট কার্ড চালু হওয়ার পর থেকেই এই উন্নতি। এ-বছরের গরমে এসি বাসগুলি থেকে কত আয় হল, সে-সম্পর্কে পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, গত মার্চ থেকে প্রতি মাসেই বেড়েছে এসি বাসের আয়।
মার্চ মাসেই চালু হয় পথদিশা অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ড। মার্চে এসি বাসগুলি থেকে আয় হয়েছে ৩কোটি ৫৫লক্ষ ৬৩হাজার টাকা। এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ৪কোটি ১৩লক্ষ ৭৫হাজার টাকায়। মে মাসে ৪কোটি ৭৭লক্ষ ৭৯ টাকা। সব মিলিয়ে, এই তিন মাসে এসি বাস থেকেই মোট আয় হয়েছে ১২কোটি ৪৭লক্ষ ৩৭হাজার টাকা যা গতবছরের তুলনায় ১৮.৩৭ শতাংশ বেশি।
তবে, এ-বছর নতুন কোনও এসি বাস নামেনি পথে। শুধুমাত্র পথদিশা অ্যাপ ও ট্রান্সপোর্ট কার্ডের জনপ্রিয়তাই যাত্রী বৃদ্ধি তথা আয় বাড়ার কারণ বলে মনে করছেন পরিবহণ নিগমের কর্তারা। অ্যাপের মাধ্যমে বাসের খবর যাত্রীরা আগাম জানতে পারায় সরকারি বাসের ওপর নির্ভরতা বাড়ছে উত্তরোত্তর।