June 16, 2017 | 12:00 PM

ফের আগুন পাহাড়, অনির্দিষ্ট কালের জন্য বন্‌ধের ডাক  মোর্চার

বিমল গুরুং-এর পাতলেবাসের অফিসে পুলিশি তল্লাশি ঘিরে ফের আগুন জ্বললো পাহাড়ে। অনির্দিষ্ট কালের জন্য বন্‌ধ-এর ডাক দিল মোর্চা।সংবাদ মাধ্যমের গাড়িতে আগুন ধরিয়ে দিল মোর্চা সমর্থকরা। পাতলেবাসে পুলিশকে লক্ষ্য করে চললো ইঁট বৃষ্টি। অভিযোগ, ছোড়া হয়েছে পেট্রোল বোমাও। আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছুঁড়তে হয় কাঁদানে গ্যাসের শেল। নবান্ন সূত্রের খবর, মোর্চার ‘জঙ্গি’ আন্দোলনকে কড়া হাতে দমনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে বিশেষ সূত্রে খবর পেয়ে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং-এর অফিসে তল্লাশি করে অস্ত্র-সস্ত্র উদ্ধার করে পুলিশ। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির দাবি, ‘উদ্ধার হওয়া অস্ত্রগুলি ট্র্যাডিশনাল। যে তির-ধনুকগুলি উদ্ধার হয়েছে তা আসলে স্কুলছাত্রদের একটি প্রতিযোগিতার জন্য রাখা হয়েছিল’। অন্যদিকে এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা বলেন, ‘পাতলেবাসে উদ্ধার করা অস্ত্রশস্ত্রগুলি ট্র্যাডিশনাল নয়। পুলিশকে আক্রমণ করার জন্য এই সব অস্ত্র জোগাড় করা হয়েছিল’।

কালিম্পং-এর কাছে পেডং-এ একটি পুলিশ ফাঁড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। আগুন লাগানো হয় হিল টপ ট্যুরিস্ট লজেও। কালিম্পং থেকে মোর্চা নেতা বিনোদ প্রধান এবং কার্শিয়াং থেকে মোর্চার ট্রেড ইউনিয়ন নেত্রী করুণা গুরুং-কে গ্রেফতার করা হয়।