
নেশা ভাং করলে আর ছাত্র নেতা হওয়া যাবে না। ছাত্রনেতা হতে গেলে ইউরিন টেস্টের রিপোর্ট চাই। বাংলাদেশের ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপির ছাত্র সংগঠনের এই সিদ্ধান্ত। বোয়ালমারী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, ছাত্র সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব মাদক বা নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত নয়, সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। উপজেলা ছাত্রদলের কমিটিতে আসতে ইচ্ছুক, এমন জানিয়ে দরখাস্ত করেছিলেন যেসব ছাত্র নেতৃবৃন্দ, তাদের মধ্য থেকে আটজনের ইউরিন টেস্ট করতে দেয়া হয়েছে। গত শুক্রবার ঢাকার একটি ক্লিনিকে এই পরীক্ষা করতে দেয়া হয়েছে।
পরীক্ষায় পাস করলে তাঁরা হবেন উপজেলা ছাত্রদলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। এই সম্ভাব্য ছাত্রনেতারাবেশির ভাগই বোয়ালমারীর বিভিন্ন কলেজে পড়াশোনা করেন।