
আধার কার্ড জমা দিয়ে তবে যাওয়া যাবে তীর্থে। এমনই নিয়ম বাধ্যতামূলক করল কর্নাটক সরকার। বার্ষিক চারধাম যাত্রায় (বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী) যেতে হলে আগে আধার কার্ড জমা দিতে হবে সরকারের কাছে। তীর্থযাত্রার জন্য সরকারের তরফে দেওটা ২০ হাজার টাকার ভর্তুকির যাতে অপব্যবহার না হয়, সে-জন্যেই এমন সিদ্ধান্ত। মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা মাথায় রেখেই ২০১৪ সালে শুরু হয় এই ভর্তুকি দেওয়া।
১৭ আগস্ট প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে কর্নাটক সরকার জানায়, যেসব পুণ্যার্থী তীর্থযাত্রার জন্য ২০ হাজার টাকা ভর্তুকি নিতে ইচ্ছুক, তাঁদের প্রত্যেককে বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড দাখিল করতে হবে।
সংশ্লিষ্ট এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘প্রতি বছর এই রাজ্যের প্রায় ১০০০ থেকে ১৫০০ স্থায়ী বাসিন্দা চারধাম যাত্রার জন্য এই ভর্তুকি নিয়ে থাকেন। তবে এ-বছর পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। তার প্রধান কারণ হল, ট্র্যাভেল এজেন্টরা মানুষকে এই ভর্তুকি নেওয়ার জন্যে উসকাচ্ছে। ফলে ভুয়ো নথি জমা পড়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছে। যাতে কেউ সরকারের এই সাহায্যের অপব্যবহার না করে, তার জন্যেই এই পদক্ষেপ।’