April 24, 2017 | 12:00 PM

৭ আশ্চর্য এবার কলকাতায়

এ-বছর পুজোর আগেই কলকাতায় হাজির হচ্ছে বিশ্বের সাত আশ্চর্য। গেট দিয়ে ঢুকলে প্রথমেই চোখে পড়বে বিখ্যাত ‘ক্রাইস্ট দি রিডিমার’।‌ কয়েককদম হেঁটে ‘টাওয়ার ব্রিজ’ ধরে সামান্য এগোলেই প্রথমে চোখে পড়বে ইটালির কলোসিয়াম। এর পরেই রয়েছে চিনের প্রাচীর,  মেক্সিকোর চিচেন ইটজা এবং আগ্রার তাজমহল। তাজমহলের পাশে তৈরি করা হচ্ছে নকল যমুনা নদী। এছাড়াও জর্ডনের পেট্রা, চিলির ইস্টার আইল্যান্ড। এভাবেই বিশ্বের সপ্তম আশ্চর্যগুলি প্রায় অবিকলভাবে চলে আসছে নিউ টাউনের ইকো পার্কে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যাদের প্রতিকৃতি নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। কয়েকমাসের মধ্যে কাজ শেষ হয়ে গেলে, উদ্বোধনী অনুষ্ঠানের পরে তা খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। এছাড়াও থাকছে ইটালির লিনিং টাওয়ার অফ পিসা এবং আমেরিকার টাওয়ার ব্রিজ। তবে এই স্থাপত্যগুলিকে স্রেফ প্রতিকৃতি বলতে নারাজ হিডকো কর্তৃপক্ষ।

ইকো পার্কের চার নম্বর গেটের সামনেই তিন একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই প্রতিকৃতিগুলি। যার নাম দেওয়া হয়েছে ‘ল্যান্ড অফ সেভেন ওয়ান্ডার্স’। নির্দিষ্ট অঙ্কের টিকিটের বিনিময়ে এখানে প্রবেশের ছাড়পত্র পাবেন দর্শকরা।