সংঘাত শুধু নেতিবাচক নয়, নতুন সমাজও গঠন করে : দেখাচ্ছে ‘দ্য গ্রে এরিয়া’ শীর্ষক প্রদর্শনী

ডিজায়ার ওয়্যার ফর ল্যান্ড – শিল্পী বিকাশ আচার্য

চারপাশে প্রতিনিয়ত যা যা ঘটনা ঘটছে তার প্রতিফলন প্রতিটা যুগে ফিরে ফিরে এসেছে আমাদের চিন্তায়, চেতনায়, মননে। নির্মিত হয়েছে শিল্প এবং শিল্পের সঙ্গে সাধারণের বসবাস। সময় বদলানোর সঙ্গে সঙ্গে বাইরের দলীয় রাজনীতির সঙ্গে মিশে যেতে থেকেছে এক অন্তর্লীন রাজনীতি, যা আরও গভীর। মস্তিষ্কে আঘাত করে, মনকে সহজে বোঝা যায় না। এই মস্তিষ্ক আর মনের মাঝখানে শিল্পের বাস। প্রতিটা যুগে তাই শিল্পীরা আশ্রয় নিতে চেয়েছেন নির্মিত শিল্পের কাছেই। আমাদের সেই অন্তর্লীন রাজনীতির কথাই উঠে এসেছে ‘অন দ্য সেম পেজ আর্টিস্ট’স বুক কালেকটিভ’-এর শিল্প প্রদর্শনীতে। কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে ‘দ্য গ্রে এরিয়া’ (The Grey Area)। যেখানে স্থান পেয়েছে দেশের ১৫ জন শিল্পীর চিত্রকর্ম ও শিল্প ইন্সটলেশন।

রবিকুমার কাশীর শিল্পগ্রন্থ

উদ্যোক্তাদের মারফৎ লিখিত হয়েছে, শিল্পীরা প্রত্যেকেই পৃথক ভাবনায় চালিত হলেও প্রদর্শনীর পরিকল্পনা অনুযায়ী একটি সাধারণ বিষয়কে ভাবনার কেন্দ্রে রেখে শিল্পীরা তৈরি করেছেন তাঁদের শিল্পগ্রন্থ। কেন্দ্রীয় ভাবনার প্রধান সূচক – সংঘাত।

কেন সংঘাত? নিজের সঙ্গে নিজের সংঘাত, নাকি নিজের সঙ্গে রাষ্ট্রের সংঘাত? প্রদর্শনী ঘুরলে তা স্পষ্ট হয়। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছু ক্রমেই একটা মেরুকরণ নির্ভর চরম সীমায় পৌঁছে যাচ্ছে। তখনই এই চূড়ান্ত মেরুকরণ পন্থা নিজের চলনেই তৈরি করে দিচ্ছে নানা ধরনের সংঘাত। এই সংঘাত আবার ভাবনার স্পষ্টতাকে আবছা করে দিচ্ছে দিনের পর দিন। তাই ক্রমবর্ধমান চলতে থাকা এই মেরুকরণ নির্ভর সংঘাতগুলো আজকের সমাজে বিবিধ টানাপোড়েনের মাঝে বিভাজন রেখা টেনে দিচ্ছে। চাহিদা, আকাঙ্ক্ষা, বিশ্বাস, মতবাদ আর পরিচয়ের নানা ভিন্নতাতেই সেই বিভাজন আজ স্পষ্ট। প্রদর্শনীর মূল ভাবনা এই বিভাজনকেই যেন প্রশ্ন করতে চেয়েছে এবং দেখাচ্ছে যে চরম দুই প্রান্তের বা মেরুর মাঝখানে কত অগণিত বৈপরীত্য ও দ্বন্দ্ব লুকিয়ে আছে।

মস্তিষ্ক আর মনের মাঝখানে শিল্পের বাস। প্রতিটা যুগে তাই শিল্পীরা আশ্রয় নিতে চেয়েছেন নির্মিত শিল্পের কাছেই। আমাদের সেই অন্তর্লীন রাজনীতির কথাই উঠে এসেছে ‘অন দ্য সেম পেজ আর্টিস্ট’স বুক কালেকটিভ’-এর শিল্প প্রদর্শনীতে।

ভিস্যুয়াল ইন্টারঅ্যাকশন – শিল্পী ড. অনির্বাণ ধর

এই প্রদর্শনীর অন্যতম উল্লেখযোগ্য একটি কাজ ‘ডিজায়ার ওয়্যার ফর ল্যান্ড’। শিল্পী বিকাশ আচার্য। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অংশ হল চোখ। সে যা দ্যাখে সেইভাবেই সবকিছু রিয়্যাক্ট করে। এই চোখের মাধ্যমেই উদ্ভাসিত হয় ভালোবাসা, সততা, ঘৃণা, রাগের মতো নব রস। তারই রুদ্র, ভয়ানক, বীর ও বীভৎস রস নিয়ে পেন্সিল, জলরং আর প্যাস্টেলের মেলবন্ধনে নির্মিত হয়েছে জমির জন্য যুদ্ধের ইচ্ছা।

সাতোরি অফ দ্য ইন-বিটুইন – শিল্পী রুমকি দত্ত বণিক

রুমকি দত্ত বণিকের ‘সাতোরি অফ দ্য ইন-বিটুইন’-এ যেমন উঠে এসেছে প্রকৃতির সঙ্গে আমাদের ক্রমশ দ্বিধা-দ্বন্দ্ব। যেন শিল্পীর শৈল্পিক যাত্রার সঙ্গে প্রকৃতির এক নিবিড় সংলাপ, আবার সেখানে দ্বন্দ্বও আছে। যদিও এই দ্বন্দ্ব কেবল ধ্বংসের প্রতীক নয়। প্রকৃতি আমাদের বেঁধে রাখে, প্রতিরোধ করে, আর নিজস্ব দ্বন্দ্বগুলিকে প্রতিফলিত করে।

 

শিল্পী – ড. রাজকুমার মজিনদার

অন্যদিকে ড. রাজকুমার মজিনদার-এর শিল্পকর্মে উঠে এসেছে কোভিড-১৯ মহামারীতে লকডাউনের কিছু একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। তেমনই রবিকুমার কাশীর শিল্পগ্রন্থে ফটোগ্রাফির মাধ্যমে সরাসরি উঠে এসেছে কেন্দ্রীয় রাজনীতির ভয়ানক মন্তব্য: ঘর মে ঘুস কে মারেঙ্গে (তোমার ঘরে ঢুকে তোমায় হত্যা করব)।

এই প্রদর্শনীর প্রতিটি শিল্পগ্রন্থ আসলে একেকটি আলাপচারিতা। যেখানে শিল্পীরা দেখাচ্ছেন চরমপন্থার মাঝের অস্পষ্ট ধূসর অঞ্চল বা ‘দ্য গ্রে এরিয়া’। যুদ্ধবিধ্বস্ত স্মৃতি থেকে ব্যক্তিগত টানাপোড়েন – সবই উঠে এসেছে এই সমস্ত শিল্পকর্মে।

ফলো দ্য উইন্ড – শিল্পী অমৃতা সেন

শুরুতেই যেমন লিখেছিলাম, দলীয় রাজনীতির সঙ্গে আমাদের ভিতরের রাজনীতির স্তর মিলেমিশে যায়। হয়তো সেখান থেকেই সংঘাত তৈরি হয়। এই প্রদর্শনীর প্রতিটি শিল্পগ্রন্থ আসলে একেকটি আলাপচারিতা। যেখানে শিল্পীরা দেখাচ্ছেন চরমপন্থার মাঝের অস্পষ্ট ধূসর অঞ্চল বা ‘দ্য গ্রে এরিয়া’। যুদ্ধবিধ্বস্ত স্মৃতি থেকে ব্যক্তিগত টানাপোড়েন – সবই উঠে এসেছে এই সমস্ত শিল্পকর্মে। দর্শককে কোনো সমাধান দেওয়া হয়নি, বরং তাকে হাজির করা হয়েছে এমন এক আয়নার সামনে যেখানে তিনি নিজেই নানাবিধ প্রশ্নের মুখোমুখি হতে পারেন। উদ্যোক্তাদের বয়ানে বলা হয়েছে, এই প্রদর্শনী বলতে চায় সংঘাতকে প্রায়শই নেতিবাচকভাবে দেখা হয়। অথচ অনেক সময় এই সংঘাতই পরিবর্তনের অনুঘটক হয়ে ওঠে, আলোচনার জন্ম দেয়, নতুন ভাবনার পথ খুলে দেয়। হয়তো সমাজকে এগিয়ে নিয়ে যায় কোনো গঠনমূলক রূপান্তরের পথে।

দ্য গ্রে এরিয়া – প্রদর্শনী শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে, চলবে ২৪ অক্টোবর পর্যন্ত; অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে।

__________
ছবি: লেখক

Written by