বাংলায় দিনমজুরদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী

উপকৃত হবেন সাড়ে ৫৬ হাজার শ্রমিক

দিনমজুরদের মুখে হাসি ফোটাতে বড়োসড়ো ঘোষণা করল রাজ্য সরকার। দক্ষ, অদক্ষ এবং স্বল্পদক্ষ শ্রমিকদের মজুরি একলাফে বাড়ল অনেকটা।

শুক্রবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “রাজ্যের আর্বান এমপ্লয়মেন্ট প্রকল্পের সঙ্গে যুক্ত দিনমজুরদের পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে”। নতুন এই ঘোষণায় উপকৃত হবেন রাজ্যের সাড়ে ৫৬ হাজার শ্রমিক। মুখ্যমন্ত্রী আরও জানান, “১০০ দিনের কাজের মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ। এব্যাপারে বাজেটেও বরাদ্দ করা হয়েছে।”

রাজ্যে অদক্ষ শ্রমিকদের সংখ্যা ৪০,৫০০ জন। তাঁদের দৈনিক পারিশ্রমিক ১৪৪ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা। স্বল্পদক্ষ শ্রমিকদের সংখ্যা ৮,০০০ জন। তাঁদের দৈনিক পারিশ্রমিক ১৭২ টাকা থেকে বেড়ে ৩০৩ টাকা হয়েছে । ৮০০০ জন দক্ষ শ্রমিক এবার দৈনিক মজুরি পাবেন ৪০৪ টাকা। এঁরা সবাই রাজ্যের কোনও না কোনও প্রকল্পের সঙ্গে যুক্ত। 

নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেলে সরকার নতুন করে আর কোনও প্রকল্প ঘোষণা করতে পারে না। শুক্রবার বিকেলে ভোটের নির্ঘণ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। তার ঠিক আগেই দিনমজুরদের মতো কঠোর পরিশ্রমী মানুষদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Developed by DXDasia