জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক অগাস্টের মাঝামাঝি, জানালেন মুখ্যমন্ত্রী

মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন নেওয়া হবে সে বিষয়টিও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা পরিস্থিতি সত্ত্বেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কাটিয়ে এ বার দুই পরীক্ষার বন্দোবস্ত করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ে সবিস্তার ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করবেন। তবে নীতিগতভাবে স্থির হয়েছে মাধ্যমিক পরীক্ষা পরে হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। আর অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড বিধি মেনে যার যার নিজের বাড়ির কাছাকাছি স্কুলে সিট পড়বে। কারণ, ছাত্রছাত্রীরা নিজের স্কুলে পরীক্ষা দিতে পারলে সুবিধা হয়। বাড়ির সামনের স্কুলে পরীক্ষা হলে বাসে করে যেতে হয় না। সাবজেক্ট যাতে কমিয়ে দেওয়া যায় তাও দেখা হচ্ছে।মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে করার কারণ রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি ও প্রবেশিকা পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী এ বার ১২ লক্ষের কিছু বেশি। আবশ্যিক বিষয় রয়েছে ৭টি। অ্যাডিশনাল সাবজেট প্রায় ৩৮ থেকে ৫৮টা রয়েছে। সেই অ্যাডিশনাল সাবজেক্টের জন্য কোনও পরীক্ষা হবে। স্কুলের পরীক্ষায় যে নম্বর ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত বিষয়ে পেয়েছে সেটিই মাধ্যমিক পরীক্ষার নম্বরের সঙ্গে জুড়ে যাবে। 

মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বণ্টন স্থানীয় থানায় ব্যবস্থা করতে হবে। উত্তরপত্র সংগ্রহ ও সংরক্ষণ সেখানেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু'ক্ষেত্রেই ৩ ঘণ্টার পরীক্ষা হয়। সেটা দেড় ঘণ্টা হয়ে যাবে। তিন ঘণ্টায় যদি ১০টা উত্তর দিতে হত, তা হলে দেড় ঘণ্টায় ৫টা উত্তর দিতে হবে। উচ্চ মাধ্যমিকে আবশ্যিক বিষয় ১৫টা। ঐচ্ছিক বিষয় ৩৭ টা। মোট পরীক্ষার দিন ১৬। কিন্তু ১৬ দিন পরীক্ষা হবে না। ৮ দিনেই পরীক্ষা শেষ হয়ে যাবে। আর তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে।

Developed by DXDasia