বিশ্বের ১৯ জন শিল্পী গাইলেন ‘আমরা করব জয়’, আয়োজক স্কটল্যান্ডের সাইমন থ্যাকার

দশ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন সাইমন

স্কটল্যান্ডের জনপ্রিয় গিটারিস্ট সাইমন থ্যাকার। যিনি বাংলা গানের টানে একসময় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশ-সহ কলকাতাতেও। শান্তিনিকেতনের বাউল সংগীতশিল্পীদের সঙ্গে মিশে তৈরি করেছিলেন একটি অ্যালবাম। সম্প্রতি সাইমনের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের ১৯ জন গুরুত্বপূর্ণ সংগীতশিল্পীদের নিয়ে হাল না ছাড়ার আহ্বান জানালেন। সবাই মিলে গাইলেন “আমরা করব জয়, নিশ্চয়”।

করোনা ভাইরাসের জেরে সংক্রমিত বিশ্বের অধিকাংশ দেশ। প্রত্যেকেই এখন গৃহবন্দি। এই অবস্থায় বাড়িতে থেকেই এই গান গেয়ে যেন নতুন ধ্বনির আহ্বান জানালেন সাইমন। সাইমন থ্যাকারের বক্তব্য, “আমার এই আইকনিক গানটি বেছে নেওয়ার একমাত্র কারণ হল, এই গানে লোকজনকে একত্রিত করার ইতিহাস রয়েছে। তাই আমি পুরো প্রক্রিয়াটি এমনভাবে অ্যারেঞ্জ করি, যাতে প্রত্যেকে আমরা একসঙ্গে গাইতে পারি এই বেঁচে থাকার গান। যা সরাসরি সংবেদনশীল হয়ে উঠবে”।

এই আয়োজনের মধ্যে দিয়ে একই ট্র্যা কে দেখা যাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের সংগীতশিল্পীদের। যা হয়ে উঠেছে একাকিত্বের একত্রিত সংগ্রাম।

 

পার্বতী দাস বাউল এবং অন্যান্যরা

“আমরা করব জয়” (We shall overcome) গানটি বিভিন্ন ভাষায় গেয়েছেন সংগীতশিল্পীরা। যার ফলে এই আয়োজনের মূল বক্তব্য হয়ে উঠেছে সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। গানের হারমনিতে মিশে গেছে উর্দু, হিন্দি, নেপালি, পোলিশ।

সাইমন বলেন, “আমি সত্যিই এই গানটিতে ঐক্যের রূপ দিতে চেয়েছিলাম”। তিনি আরও জানান, “আমরা সকলেই জানি যে সংগীত মানুষকে একে অপরের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে। যখন একটি গান সবার মননকে ধাক্কা দেয়, তখন মানুষ তাঁর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। সেই অভিজ্ঞতার সুরই তখন ক্ষতগুলিকে সারিয়ে দেয়”।

“আমরা করব জয়” — আয়োজক সাইমন থ্যাকার (স্কটল্যান্ড)

সাইমন দশ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশের শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। স্কুলে পড়াকালীন এই গানটি তাঁকে উৎসাহিত করে। গানের কথা ও সুরে মুগ্ধ হয়ে ওঠেন। কাজটি চলেছে টানা একমাস ধরে। সবাইকে একসঙ্গে পেতেও অনেকটা সময় লেগেছে।

“We shall overcome” গানটি বাংলায় প্রথম অনুবাদ করেন গণসঙ্গীতের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাস। তাঁর অনুবাদ এবং ভুপেন হাজারিকার কণ্ঠে বাংলায় ‘আমরা করব জয়’ গানটি সবার মুখে মুখে উচ্চারিত হয়। এই গান প্রথম বাংলায় গেয়েছেন কলকাতার ধর্মঘটের শ্রমিকরা, চীনা ভাষায় গেয়েছেন তিয়েনামেন স্কোয়ারের ছাত্ররা, ফরাসিতে গেয়েছেন পরমাণুযুদ্ধ বিরোধী নাগরিকরা।

পবন দাস বাউল

হেমাঙ্গ বিশ্বাস বুঝেছিলেন গানের সর্বজনীন আবেদন। তাঁর সোনার কলম দিয়ে তিনি লেখেন, “আমরা করব জয়, আমরা করব জয়/ আমরা করব জয় নিশ্চয়।/ আহা! বুকের গভীরে আছে প্রত্যয়/ আমরা করব জয় নিশ্চয়/ আমরা করব জয়, আমরা করব জয়/ আমরা করব জয় নিশ্চয়”।

সাইমন থ্যাকারের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, ভারতের পার্বতী দাস বাউল, প্রবীণ নারায়ণ, পবন দাস বাউল, রাজু দাস বাউল; বাংলাদেশের ফরিদা ইয়াসমিন; পাকিস্তানের আকবর আলি ও জাভেদ বশির এছাড়াও ইরান, নেপাল, রাশিয়ার প্রখ্যাত শিল্পীরা। 

Developed by DXDasia