এগিয়ে চলাঃ মহিলা পরিচালিত বুথের সংখ্যা বাড়ছে এ বার

মহিলাদের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হতে পারে কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানদের হাতে

২০১৬ সালে প্রথম বার মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময়েও মহিলাদের দিয়ে বুথ পরিচালনা করানো হয়েছিল। তৈরি হয়েছিল মহিলা মডেল বুথ। জানা যাচ্ছে, এ বার সেই সংখ্যাই বহু গুণ বাড়ানো হয়েছে।

কলকাতা পুলিশ এলাকায় মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২০১৯ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ঠিক আছে, কলকাতার ১২৬টি ভোটগ্রহণ কেন্দ্রের ৫৮১টি বুথে ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা। ভোটগ্রহণের জন্য প্রতিটি বুথে মোট চার জন ভোটকর্মী থাকেন। তার মধ্যে এক জন প্রিসাইডিং অফিসার এবং তিন জন পোলিং অফিসার। মহিলাদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রে ওই চার জনই হবেন মহিলা।

মহিলাদের নিরাপত্তার দায়িত্বও দেওয়া হতে পারে কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানদের হাতে। কত কোম্পানি মহিলা কেন্দ্রীয় বাহিনী ওই সমস্ত বুথ পাহারা দিতে আসবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি। এর আগে কলকাতা পুলিশ এলাকায় মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এত বেশি কখনওই দেখা যায়নি। সূত্রের খবর, বেশ কিছু কেন্দ্রের মহিলা কর্মীদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়ে গিয়েছে। বাকিদের এ মাসের তৃতীয় সপ্তাহে প্রশিক্ষণ দেওয়া হবে বলে ঠিক হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, করোনার কথা মাথায় রেখেই এ বার ভোটগ্রহণ কেন্দ্র এবং বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী ৬ এপ্রিল কলকাতায় প্রথম দফার ভোটে মহিলা পরিচালিত কোনও ভোটগ্রহণ কেন্দ্র নেই। কিন্তু পরের তিনটি দফাতেই মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।

ছবিঃ আনন্দবাজার পত্রিকা

Developed by DXDasia