অসাধ্যসাধন গোসাবায়, এই প্রথম ভোটাধিকার প্রয়োগ করলেন করোনা রোগী

করোনা পরিস্থিতির মধ্যেই বাংলা-সহ মোট পাঁচটি রাজ্যে চলছে ভোট পর্ব

রাজ্যে করোনার দ্বিতীয় ঝড়ের মধ্যেই বাংলা-সহ মোট পাঁচটি রাজ্যে চলছে ভোটগ্রহণ পর্ব। তবে, এই পরিস্থিতিতে ভোটের ইতিহাসে নজির সৃষ্টি করল সুন্দরবন। গোসাবা ব্লকের মতো একটি নদীমাতৃক বিধানসভাতে এই প্রথম করোনা আক্রান্ত রোগী প্রয়োগ করলেন তাঁর ভোটাধিকার। একপ্রকার অসাধ্যসাধন করেছেন গোসাবা ব্লকের স্বাস্থ্য আধিকারিক।

নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, যদি কোনও ভোটার কোভিড পজিটিভ অবস্থায় ভোট দিতে চান, তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। সেই মতো বাড়ি থেকে অ্যাম্বুল্যান্সে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ওই কোভিড রোগীকে। সেখানে নির্বিঘ্নেই ভোট দেন তিনি। স্বাস্থ্য দপ্তরের তরফে ভোটের পর ওই এলাকাটি স্যানিটাইজার দেওয়া হয়।

সুন্দরবনের মতো বিচ্ছিন্ন দ্বীপ, যেখানে একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছাতে হয় নদীর খেয়া পারাপার করে। সেখানে এই রোগের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুল্যান্সের। তাছাড়াও প্রত্যেকটা দ্বীপের একটি করে মোবাইল ইউনিটের ব্যবস্থা করা হয়েছিল। ব্যবস্থা ছিল ৩১টি মেডিক্যাল টিমেরও। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোট দিলেন এই করোনা রোগী। যা আগামী দিনে কোভিড আক্রান্ত রোগীর কাছে এক অনন্য নজির হয়ে থাকবে।

Developed by DXDasia