
৪০ জন কবি এই বইটিতে করোনার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন
মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ই-বুক সংস্করণের মাধ্যমে প্রকাশিত হল করোনা বিষয়ক ঝুমুর সঙ্কলন। ঝুমুর গানের সঙ্গে পরিচিত নন, এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। কিন্তু এবার গানের কথা গেছে পাল্টে। করোনার কারণে যাঁরা প্রয়াত হয়েছেন, এই বই উৎসর্গ করা হয়েছে তাঁদের। বইয়ের মূল বিষয়, সারাবিশ্বে মহামারীর প্রভাবে বহু প্রিয়জনের মৃত্যুর করুণ কাহিনি এবং দীর্ঘ লকডাউনের জেরে সাধারণ মানুষের আর্থিক সমস্যা। পুরুলিয়ার প্রায় ৪০ জন কবি এই বইটিতে করোনার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তাঁদের নিজস্ব আঙ্গিকে, অর্থাৎ ঝুমুর গানের মাধ্যমে।
ঝুমুর গানের ই-বুক সংস্করণ
আরও পড়ুন: “বন্ধু তোর লাইগা রে আমার তনু জড়জড়…”
এই ই-বুক সংস্করণটির সঙ্কলন ও সম্পাদনা করেছেন পুরুলিয়া সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের ঝুমুর ডিপ্লোমা প্রাপ্ত ছাত্র তথা মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীর সম্পাদক অনিমেষ দাস। কবিদের লেখাগুলি এতই হৃদয়স্পর্শী ছিল যে তাঁকে আলোড়িত করে। তাই সিদ্ধান্ত নেন এই সব কবির লেখা একত্রিত করে তা পূর্ণাঙ্গ বই হিসেবে প্রকাশ করবেন। এখন ই-বুক আকারে বেরোলেও আসন্ন কলকাতা বইমেলায় বইটি মুদ্রণ আকারে প্রকাশিত হবে।
