১০ হাজার গাছ লাগানোর অনন্য উদ্যোগ নিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

গাছগুলি পরিচর্যার দায়িত্ব একটি পেশাদার সংস্থাকে দেওয়া হয়েছে

আমফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলার অনেক গাছ। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা বর্ষাকালে গাছ লাগানোর উদ্যোগ নেয়। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার জন্যও আলাদা ব্যবস্থা নিয়েছে।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, কলকাতা, বিধাননগর এবং দক্ষিণ দমদম পুর এলাকায় ১০ হাজার গাছ লাগানো হবে। রাস্তার দু’ধারে ২৪ রকম এবং ডিভাইডারে ৫ রকমের গাছ থাকবে। সব থেকে বেশি রোপণ করা হবে নিম গাছ। শুধু বৃক্ষরোপণেই থেমে না থেকে, গাছগুলিতে বাঁচিয়ে রাখার জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছে পর্ষদ। রোপণ করা গাছগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি বেসরকারি পেশাদার সংস্থাকে দেওয়া হয়েছে। ওই সংস্থা গাছগুলোকে নিয়মিত জল দেবে। বাঁশের বেড়া দিয়ে ঘিরে নানাভাবে পরিচর্যা করবে।

শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদই নয়, কলকাতা পুরসভা, রাজ্য বন দপ্তর এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থাও বৃক্ষরোপণ শুরু করেছে। চলতি বছরে শহরাঞ্চলে ৪ লক্ষ গাছ লাগানোর লক্ষমাত্রা নিয়েছে বন দপ্তর।

Developed by DXDasia