ব্রিগেডের জনতরঙ্গ

রাজ্যের দশ কোটি মানুষের কতজনই বা আর ব্রিগেডে আসে?

আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি নির্বাচনী জনসভা ডেকেছে বাম-কংগ্রেস জোট। ভোটের বাদ্যি বেজে গেছে অনেক আগেই। ফলে এমন আয়োজন কোনো নতুন কথা নয়। পরের রবিবার এখানেই বিজেপির জনসভা হবে। তৃতীয় পক্ষ তৃণমূল এখনও তেমন কোনো সভার কথা ঘোষণা করেনি। মুখ্যমন্ত্রী প্রধানত জেলা সদরগুলিতেই সভা করে চলেছেন। তবে ব্রিগেডের মাটি স্পর্শ না করলে ভোটপ্রচার ষোলোকলা পূর্ণ হয় না, এমন একটা ধারণা বাংলার রাজনৈতিক দলগুলির মধ্যে প্রায় অর্ধশতক ধরে বদ্ধমূল হয়ে আছে।

ব্রিটিশ আমল থেকেই প্যারেড গ্রাউন্ড প্রধানত ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর কুচকাওয়াজের জন্য। দেশ স্বাধীন হবার পর এই ময়দানে অতি বৃহৎ নাগরিক সভার কথা বললে প্রবীণদের আজও মনে পড়বে বুলগানিন-ক্রুশ্চেভের সম্বধর্নার কথা। তখনও ভিআইপি রোড (এখন নজরুল ইসলাম সরণি) হয়নি। গণ্যমান্য অতিথিরা তখন বিমান বন্দর থেকে যশোর রোড ধরেই শহরে ঢুকতেন। দুই সোভিয়েত নেতা, চৌ-এন-লাই বা রানি এলিজাবেথ ওই সরণি ধরেই শহরে এসেছিলেন। ১৯৫৫ সালের ৩০ নভেম্বর বুলগানিন-ক্রুশ্চেভের যে সম্বর্ধনা হয়, পরের দিনের ‘আনন্দবাজার পত্রিকা’য় তার বিস্তারিত বিবরণে বলা হয়েছে, “ভিক্টোরিয়া মেমোরিয়ালের সুপ্রশস্ত চত্বর হইতে ডালহৌসি স্কোয়ার পর্যন্ত, চৌরঙ্গী হইতে ফোর্ট উইলিয়ামের উচ্চ ভূখণ্ড পর্যন্ত যদি একটি চতুঃসীমা টানা যায় এবং ইহার মধ্যে যদি এই সমাবেশ কল্পনা করা যায়, তবে কত লোক হইবে? কত লক্ষ? বারেবারে আশঙ্কা হইয়াছে যাই বলি না কেন, তাহা কম হইয়া যাইবে। এ তো শুধু সমাবেশ নয়, এই কল্পিত চতুঃসীমা প্রশান্ত মহাসাগরের উদ্দেশে এ যেন দ্রুত ধাবমান্য অসংখ্য স্রোতস্বতী।”

কলকাতা শহরে রাজনৈতিক জনসভার জন্য প্যারেড গ্রাউন্ড দীর্ঘদিন ব্রাত্যই ছিল। দেশ স্বাধীন হবার আগে পর্যন্ত প্রধানত হৃষিকেশ পার্ক, শ্রদ্ধানন্দ পার্ক, মহম্মদ আলি পার্ক বা সুবোধ মল্লিক স্কোয়ারেই যথেষ্ট ছিল। পরে তার সঙ্গে যুক্ত হয় দেশবন্ধু পার্ক, দেশপ্রিয় পার্ক, পার্ক সার্কাস এবং অবশ্যই অক্টারলনি মনুমেন্ট (পরে শহিদ মিনার)।


 ১৯৬৭ সালে অনেক রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও অ-কংগ্রেসি যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়। অল্পকালের মধ্যে নানারকম মতবিরোধে সেই সরকারের দায়িত্ব বিঘ্নিত হয়। তার প্রতিবাদে ওই বছর নভেম্বর মাসে সিপিআইএম দল একক উদ্যোগে ব্রিগেডের সভা ডাকে। তারপর থেকেই নির্মিত রাজনৈতিক সভা শুরু হয়ে যায় কলকাতার এই ফুসফুসের উপরে। ১৯৬৯ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল জয় হয়। তখনই এই বৃহৎ ময়দানে পরপর দুটি জনসভা হয় – প্রথমটি যুক্তফ্রন্টের এবং পরেরটি আবার সিপিআইএমের। অর্থাৎ একক শক্তি প্রদর্শনের লীলাভূমি হয়ে ওঠে ব্রিগেড। কেবলমাত্র নির্বাচনী প্রস্তুতি বা বিজয় সমাবেশ নয়, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন প্রশ্নে অনেকের সমাবেশই তারপর হয়ে চলেছে। সেই তালিকায় বক্তা হিসাবে ইন্দিরা গান্ধি, জ্যোতি বসু, জয়প্রকাশ নারায়ণ, রাজীব গান্ধি, বাজপেয়ী, নরসিমা রাও, মমতা বন্দ্যোপাধ্যায় এমন অনেকেই আছেন। তাতে করে একটা সময় পর্যন্ত ব্রিগেডের জনসভাই জনপ্রিয়তার মানদণ্ড বলে বিবেচিত হত।

ইদানীং রাজনৈতিক নেতাদের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে। ব্রিগেডের সভা আজকাল রবিবারেই ডাকা হয়। আগে সেসবের বালাই ছিল না। কিন্তু সব জিনিসই বহু ব্যবহারের ফলে একটা সময় জীর্ণ হয়ে যায়। তাই ব্রিগেডের নির্বাচনী সমাবেশও আজকাল আর স্পষ্ট ভবিষ্যৎ বাণী করে উঠতে পারে না। তার বড়ো উদাহরণ ২০১১ সালে বিধানসভা ভোটের আগে বামফ্রন্টের সমাবেশ। তাতেও ব্রিগেড কানাই কানাই ভরে গিয়েছিল। কিন্তু ভোটের ফল তার উল্টো পথে হেঁটেছে। আগামীদিনে আরও অনেক জরুরি সভা নিশ্চয় ব্রিগেডে হবে। কিন্তু তার কোনোটাই হয়তো আর আগের মতো ভোট-যুদ্ধের ব্যারোমিটার হিসাবে চিহ্নিত হবে না। সভা যেই ডাকুক, রাজ্যের দশ কোটি মানুষের কতজনই বা আর ব্রিগেডে আসে?

ব্রিগেডে অবশ্যই বিভিন্নসময়ে নানারকম সমাবেশ হয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমান সম্বর্ধনা পেয়েছেন এখানে। তিনি এবং ইন্দিরা গান্ধি দুজনেই বক্তা ছিলেন সেই সমাবেশে। দুজনেই তখন জনপ্রিয়তার শীর্ষে। পোপ জন পল কলকাতা সফরে এলে তাঁকেও এখানেই বিশেষ সম্মান দেওয়া হয় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। সিপিআইএম নেতা প্রমোদ দাশগুপ্ত প্রয়াত হবার পর তাঁর স্মরণসভাও হয় ব্রিগেডে। সেখানে প্রফুল্ল সেন, প্রিয়রঞ্জন দাশমুন্সিরাও বক্তা ছিলেন। এ কথা চোখ বুজে বলা যায়, কলকাতার ব্রিগেডে সর্বাধিক জনসভা করেছেন জ্যোতি বসু। কিন্তু তাঁর স্মরণসভা ব্রিগেডে ডাকা হয়নি – হয়েছিল শহিদ মিনারে। নেলসন ম্যান্ডেলার সম্বর্ধনাও ব্রিগেডে হয়নি – হয়েছিল ইডেন উদ্যানে।

এইরকম নানাবিধ সমাবেশের ইতিহাস ঘাঁটতে গেলে দেখা যাবে ব্রিগেডকে জনতরঙ্গের অম্লানমুকুট পরিয়ে দিয়ে গেছেন বুলগানিন আর ক্রুশ্চেভ।

Developed by DXDasia