ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে ইডেন কাঁপাচ্ছেন ‘সুপারম্যান’ ঋদ্ধিমান

ভারতীয় পেস ব্যাটারির দাপটে দিশেহারা বাংলাদেশ ব্যাটিং লাইন আপ

মহা সমারোহে শুরু হল ভারতের প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট ম্যাচ। ইডেন-ভর্তি দর্শক, একই কবির লেখা দু’দলের জাতীয় সংগীত, ঘোর বুনে দেওয়া পরিবেশ যাকে বলে। বেশ কিছুদিন ধরেই চর্চায় গোলাপি এসজি বল। শোনাই যাচ্ছিল, লাল বলের চাইতে এই বল স্যুইং করবে বেশি, বাউন্সও পাবে অনেকটাই। ভারতীয় পেস ব্যাটারির সামনে গোলাপি বলে যে বেকায়দায় পড়বেন বাংলাদেশি ব্যাটসম্যানরা, তা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। ম্যাচ শুরু হতেই বল হাতে আগুন ঝরাতে শুরু করলেন ইশান, উমেশ আর সামি—পেসার ত্রয়ী। উমেশের দখলে ইতিমধ্যেই ৩ উইকেট, ইশান্ত দুটি আর সামি একটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন নিজেদের মধ্যে। ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

তবে, পেসারদের আগুনে স্পেলের মধ্যেও ইডেন কাঁপাচ্ছেন আরেক বঙ্গসন্তান। ঋদ্ধিমান সাহা। শুরু থেকেই মারাত্মক সুইং করছিল গোলাপি বল। ইশান্ত শর্মা ও উমেশ যাদবের বেশ কিছু বলে ক্রমাগত বিট হচ্ছিলেন বাংলাদেশি ওপেনার সাদমান ইসলাম। তার শরীরের ভিতর দিয়ে গোঁত্তা খেয়ে ঢুকে বল আরো বাঁক নিচ্ছিল। একাধিকবার শরীর ছুঁড়ে দিয়ে নিশ্চিত বাই চার আটকেছেন ঋদ্ধিমান। গোলাপি বলের খামখেয়ালি আচরণ একবারও বিভ্রান্ত করতে পারেনি তাঁকে। উমেশের বলে ইমরুল কেয়েসের ক্যাচ তালুবন্দি করেছেন দক্ষতার সঙ্গে। আর ইশান্তের বলে ডানদিকে উড়ে গিয়ে মহমদুল্লাহর যে ক্যাচটি নিয়েছেন ঋদ্ধি, তা দেখে উচ্ছ্বসিত সচিন থেকে লক্ষ্মণ, গাভাসকার সবাই। ইডেনে চর্চা শুরু হয়ে গেছে ‘সুপারম্যান সাহা’-কে নিয়ে। বাংলাদেশ টিমের বঙ্গসন্তানরা যতই বিপাকে পড়ুন, ঋদ্ধি কিন্তু আবারো জাত চেনাচ্ছেন।  

Post Tags
Developed by DXDasia