
সঙ্গীত পরিচালক, গীতিকার সলিল চৌধুরী ডানা মেলবেন বিভিন্ন ক্যানভাসে
“আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কত কাল আমি রব দিশাহারা…”- কেউ গাইলেই আমরা কেমন একটা গুনগুন করে উঠি না? কারণ গানের এই কথা, এই সুর এবং এই গায়কী আজও প্রাণবন্ত। সেই প্রখ্যাত সুরকার-গীতিকার সলিল চৌধুরীকে কলকাতার দর্শক/শ্রোতা দেখবেন নতুনভাবে।
আজ থেকে শুরু হচ্ছে সলিল চৌধুরীকে নিয়ে একটি প্রদর্শনী। সেখানে আমাদের প্রিয় এই সঙ্গীত পরিচালক, গীতিকার ডানা মেলবেন বিভিন্ন ক্যানভাসে। শিল্পীদের চোখে ধরা দেবেন তিনি। বারবার নতুনভাবে আবিষ্কৃত হবেন। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে “সুহানা সফর”- সলিল চৌধুরী অন ক্যানভাস। ফ্রেম কলকাতার উদ্যোগে এবং সলিল চৌধুরী ফাউন্ডেশন অফ মিউজিক সোশ্যাল হেল্প অ্যান্ড এডুকেশন ট্রাস্ট সহযোগিতায় এই প্রদর্শনী আজ উদ্বোধন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা। কলকাতার আকাদেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে আজ বিকেল সাড়ে চারটে থেকে শুরু হচ্ছে। চলবে ১০ মার্চ পর্যন্ত।
