‘দূরে, বহু দূরে’ চলে গেলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর

নিজের অফিসেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী প্রতীক চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল অফিসের সামনেই তিনি পড়ে যান। তাঁর এক সহকারী তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কিছুদিন আগেই অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এবং দেব প্রযোজিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’-র জন্য গান রেকর্ড করেছিলেন। ছবির কাজ এখনও অসম্পূর্ণ। এছাড়াও তিনি আরও অনেক বাংলা ছবিতে প্লেব্যাক করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাতালঘর’।

শুধুমাত্র বাংলা ছবিই নয়, প্রতীক চৌধুরী বহু টেলিভিশন, বিজ্ঞাপন এবং অ্যালবামেও গান গেয়েছেন। জিঙ্গেলস-এর জন্যেও প্রবল জনপ্রিয়তা ছিল তাঁর। সঙ্গীতজগৎ তাঁকে মনে রাখবে রাহুল দেব বর্মণের জন্য। নব্বইয়ের দশকে শ্রোতাদের কানে কানে বাজত বাংলা গানের রিমেক। সেইসময় প্রতীক চৌধুরী, রাহুল দেব বর্মণের গানগুলিকে নিজের মতো করে গেয়েছিলেন। ২০১৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম ‘প্রাণের ঠাকুর’। আরও একটি বিখ্যাত অ্যালবাম ‘মন বাঁওড়া’। একজন ভালোমনের মানুষ ছিলেন প্রতীক চৌধুরী। তাঁর অকস্মাৎ মৃত্যুতে বাংলা সঙ্গীতজগতে নেমে এসেছে শোকের আর্তনাদ।

Developed by DXDasia