
পোস্টার অফ দ্য ডে — সুমন চৌধুরী
#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার উঠে এল উপলব্ধির চিত্র।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে সুমন চৌধুরীর এই দুর্দান্ত কাজটি। বাস কলকাতায়। সাউথ পয়েন্ট স্কুল এবং সিটি কলেজে পড়াশোনার পর ছবি নিয়ে পড়তে যান বিশ্বভারতীর কলাভবনে। বর্তমানে নেশা এবং পেশায় একজন ছবি আঁকিয়ে। সুমন চৌধুরীর এই পোস্টারে উঠে এসেছে উপলব্ধির কথা। রয়েছে শহর জোড়া ত্রাসের ছবি। অজস্র বাড়ি, সিগন্যাল আর তারে ভরে গেছে চারদিক। শিল্পায়নের কারণে উঁচু উঁচু বাড়ি আর কালো ধোঁয়া তৈরি করেছে মানুষ। সেই মানুষই এখন হাতড়ে বেড়াচ্ছে তার হারিয়ে যাওয়া প্রকৃতির মায়াকে৷ কালো ধোঁয়া আর মানুষের ভিড় জমতে জমতে যে প্রাণীটির জন্ম হয়েছে, তা যেন কোথাও গিয়ে হয়ে উঠেছে মারণ জীবাণু।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সুমন চৌধুরী। শিল্পীকে অভিনন্দন।
