করোনা জীবাণুর আকৃতিতে এবার পুরাণকাহিনি

পোস্টার অফ দ্য ডে — স্বাধীন গাঙ্গুলি

এবার করোনা জীবাণুর আকার নিল ভারতীয় ফোক ফিউশন। অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী স্বাধীন গাঙ্গুলি। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে স্বাধীন গাঙ্গুলির এই দুর্দান্ত কাজটি। কলকাতার ছেলে স্বাধীন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর দীর্ঘ নয় বছর চাকরি করেছেন। কিন্তু সম্পূর্ণ নিজের উদ্যোগে কাজ করার পরিকল্পনা সবসময় ঘোরাফেরা করত। স্বাধীন বেশ বড়ো বয়স থেকেই পেইন্টিং-এ এলেন। বর্তমানে নেশা এবং পেশার জায়গা এটাই। স্বাধীন গাঙ্গুলি তাঁর এই পোস্টারে দেখিয়েছেন ভারতীয় পুরাণকথা। যেখানে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা। কথিত আছে সমস্ত ধ্বংসের পরেই নতুনের আহ্বান শোনা যায়। এখানেও তাই। শিব এবং দুর্গা পাশাপাশি রয়েছেন, তাঁদের চোখ হয়ে উঠছে পাখি। জীবনের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে মুছে দিয়ে ইতিবাচকের দিকে নির্নিমেষ যাত্রা এ যেন। এই কঠিন সংকটের সময় মারণ জীবাণুকে সামনে রেখে সেই বার্তাই দিতে চাইছেন স্বাধীন গাঙ্গুলি।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন স্বাধীন গাঙ্গুলি। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia