
পোস্টার অফ দ্য ডে — সুস্মিতা সিংহ রায়
পরিযায়ী শ্রমিক এবং সাহসী সাংবাদিকদের সমর্থনে নিজের শিল্পকর্ম করলেন শিল্পী সুস্মিতা সিংহ রায়। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে সুস্মিতা সিংহ রায়ের এই দুর্দান্ত কাজটি। পূর্ব বর্ধমান জেলার ধনেখালি অঞ্চলের বাসিন্দা সুস্মিতা। কলকাতার বিড়লা আর্ট অ্যান্ড কালচারাল ইন্সটিটিউশন থেকে পড়াশোনা করার পর সর্বভারতীয় সংগীত পরিষদ থেকে ডিপ্লোমা করেছেন তিনি। বর্তমানে পেশা হিসেবে বেছে নিয়েছেন চিত্রকর্মকেই। তাঁর এই পোস্টারটিতে দেখা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের দল ভিড় করে আছেন— কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ আবার শোয়ার ভঙ্গিতে। তাঁরা হাঁটছেন মাইলের পর মাইল পথ। উদ্দেশ্য ঘরে ফেরা। আরেকদিকে এক সাংবাদিক মোবাইল হাতে তাদের দেখে যাচ্ছেন, যাঁর লক্ষ্য স্থির। সাহসী সাংবাদিকদের অমানুষিক পরিশ্রমের জন্যই সমস্ত তথ্য এবং ছবি আসছে আমজনতার কাছে। এই পুরো ছবিটি যেন রূপ নিয়েছে করোনা ভাইরাসের আকৃতিতে।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সুস্মিতা সিংহ রায়। শিল্পীকে অভিনন্দন।
