পশ্চিমবঙ্গের একমাত্র স্পোর্টস মিউজিয়াম কলকাতার নিউটাউনে

সাংবাদিক-লেখক বোরিয়া মজুমদারের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এই মিউজিয়াম

ক্রিকেট বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ভরা মরশুমে নিউটাউনের ইকোস্পেস বিজনেস পার্কে গড়ে ওঠা ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম সত্যিই ক্রীড়াপ্রেমীদের কাছে সব পেয়েছির দেশ। এই মিউজিয়ামে একই ছাদের নিচে আপনি চাক্ষুষ করতে পারবেন আধুনিক ক্রিকেটের সেরা ব্যাট্‌সম্যান বিরাট কোহলির ব্যাট এবং বর্তমান ফুটবলের অবিসংবাদী শ্রেষ্ঠ মেসির বুট জোড়া। মুখোশ, নৌকো, বাদ্যযন্ত্র, হস্তশিল্প, বিজ্ঞান বিষয়ক নানান মিউজিয়াম কলকাতা শহরের বুকে গড়ে উঠলেও শুধুমাত্র ক্রীড়া বিষয়ক এবং খেলাধুলো সম্বন্ধীয় ক্লাসিফায়েড মিউজিয়াম কলকাতার বুকে এই প্রথম। অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে কলকাতার উপকণ্ঠে গড়ে ওঠা এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে সাংবাদিক এবং প্রখ্যাত লেখক বোরিয়া মজুমদারের একান্ত ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত খেলাধুলো জগতের নানা কিংবদন্তির  স্বাক্ষরিত এবং ব্যক্তিগত খেলা-সরঞ্জাম।

কলকাতা তথা পশ্চিমবঙ্গের এই একমাত্র স্পোর্টস মিউজিয়ামের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে খেল দুনিয়ার এমন সব কিংবদন্তীর দুর্লভ ক্রীড়া সামগ্রী, যা নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন। আপনি কি জানেন ক্রিকেট জনক ডব্লিউ জি গ্রেসের স্বাক্ষরিত পেপার কাটিং, স্যার ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ব্যাট শোভা পাচ্ছে এই মিউজিয়ামে চত্বরে? হ্যাঁ, এরই পাশাপাশি, আধুনিক ডন মাস্টার-ব্লাস্টার সচিন তেন্ডুলকরের অগুনতি সেঞ্চুরির সাক্ষী দু-দু’টি ব্যাট, গ্লাভস জোড়া, এমনকি তার মাঠে নানান স্মরণীয় ইনিংসের সাক্ষী ক্রিকেট জার্সি  সযত্নে সংগৃহীত আছে এই মিউজিয়ামে। লিটল মাস্টার সচিনের স্বাক্ষরিত জার্সির পাশাপাশি, তাঁর একশো সেঞ্চুরি ফুটিয়ে তোলা হয়েছে মাঠের নানান মুহূর্তকে কোলাজ বন্দি করে এই মিউজিয়ামের ভেতর।

কলকাতার ঘরের ছেলে আপামর বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলির অগুনতি ক্রিকেট জার্সি এবং দু’টি চওড়া ব্যাট রাখা রয়েছে এই শীতাতপ নিয়ন্ত্রিত মিউজিয়ামে। ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসের দুই বাঙালি ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামীর ক্রিকেট জার্সি পাশাপাশি দেখার প্রাপ্তি সত্যি অভূতপূর্ব। ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় টিম সদস্যদের স্বাক্ষরিত স্মারক শোভা পাচ্ছে এই সংগ্রহশালায়। আধুনিক ক্রিকেট আইপিএলের অংশহগ্রহণকারী ক্রিকেট প্লেয়ারদের জার্সি, হেলমেট সযত্নে সংরক্ষিত এখানে। বোরিয়া মজুমদারের এই উদ্যোগে হাজির হয়েছেন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, ইউসুফ পাঠান, রবীন্দ্র জাদেজা প্রমুখ।

ব্রাজিল-আর্জেন্টিনার চূড়ান্ত ফুটবল দৌরথ ভুলিয়ে পাশাপাশি ফ্রেম বন্দি রয়েছে ফুটবল সম্রাট পেলের স্বাক্ষরিত জার্সি ও ফুটবল, দিয়েগো মারাদোনার স্বাক্ষরিত বিরাট কাট আউট ও জার্সি। ফুটবল-পাগল বাঙালির কাছে এ যেন সত্যি চূড়ান্ত বিষ্ময়! বাঙালির ফুটবল প্রেমের নতুন জোয়ার আনা আইএসএল-এর আতলেতিকো কলকাতার ২০১৬ সালের চ্যাম্পিয়ন ট্রফি রাখা রয়েছে এই সংগ্রহশালায়।

ক্রিকেট, ফুটবলের পাশাপাশি ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম তুলে ধরেছে ওয়ার্ল্ড স্পোর্টসের নানান খেলাধুলো- যেমন  স্প্রিংটিং, বক্সিং, টেনিস, হকি-সহ সেইসব ফিল্ডের সেরাদের ব্যবহৃত নানান সামগ্রী। অলিম্পিকে স্প্রিংটিং-এ ডাবলের ডাবল স্বর্ণপদক প্রাপ্ত ট্রাকের বিদ্যুৎ উসেইন বোল্টের বিরাট প্রতিকৃতির পাশে শোভা পাচ্ছে তার ট্র্যাকিং জার্সি এবং স্প্রিংটিং বুটজোড়া। টেনিস তারকা রাফায়েল নাদালের নামাঙ্কিত টুপি জোড়ার পাশাপাশি, টেনিস সেনসেশন সানিয়া মির্জার টেনিস রয়্যাকেট, ভারতবর্ষের সর্বকলের সেরা বক্সিং চ্যাম্পিয়ন মেরি কমের ছবি সমেত ফ্রেমবন্দি তার ব্যক্তিগত স্পোর্টস জার্সি। অলিম্পিকের ইতিহাসে প্রথম স্বর্ণপদক জয়ী শ্যুটার অভিনব বৃন্দার শ্যুটিং গ্লাভসের পাশাপাশি সংরক্ষিত রয়েছে ব্যাডমিন্টনে রজত পদক প্রাপ্ত পিভি সিন্ধুর জার্সি। ভারতের সর্বপ্রথম মহিলা মল্লবীদ সাক্ষী মালিকের স্বাক্ষরিত ছবি শোভা পাচ্ছে খোদ সংগ্রাহকের সঙ্গে। ভারতীয় হকির খেলোয়াড়দের জার্সি এবং হকি স্টিকগুলি, গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথ আনন্দের স্বাক্ষরিত দাবা বোর্ড সুসজ্জিতভাবে তুলে ধরা রয়েছে এই মিউজিয়ামের ভেতর। বিশ্বকাপ ক্রিকেট এবং কোপা আমেরিকার জোড়া সন্ধিক্ষণে আপনিও একবার চাক্ষুষ করার পাশাপাশি সেলফি তুলে আসুন আপনার পছন্দের খেলোয়াড়দের নিজস্ব সামগ্রীর সঙ্গে। ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম খোলা থাকে সপ্তাহে ছয়দিন, মঙ্গলবার থেকে শনিবার, সকাল এগারোটা থেকে সন্ধি ৭টা অবধি।

Post Tags
Developed by DXDasia