
থাকছে না প্রবেশমূল্য, প্রদর্শিত হবে মোট ৪০টি ছবি
লুই দেলুক থেকে লুই বুনুয়েল, জঁ ককতো থেকে জঁ রেনোয়া, আল্যাঁ রেনে, ফ্রঁসোয়া ত্রুফো, রোবের ব্রেঁসো… গোদার তো আছেনই; ফরাসি সিনেমা মানে প্রথম মহাবিশ্বযুদ্ধ পরবর্তী আভাঁ গার্দ (Avant-Garde Movement) আন্দোলন, পঞ্চাশের দশকের সিনেমায় নব্যতরঙ্গ বা ‘নিউ ওয়েভ’। যেসব আন্দোলনের ঢেউ এদেশেও ধাক্কা খেয়েছিল, বিশেষত কলকাতায়। আন্দোলিত হয়েছিলেন সত্যজিৎ, মৃণাল – আবিশ্বের কিংবদন্তি পরিচালকদের তালিকায় তাঁরাও অধিষ্ঠিত। ফ্রান্স ও ভারতের এই মেলবন্ধনকে উদযাপন করতেই ২০২৪-এ নন্দনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসব (French Film Festival)। প্রথম বছরে ভালো সাড়া পাওয়ার পর, দ্বিতীয়বার আয়োজিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। আয়োজনে আলিয়ঁস ফ্রসেঁ ও ওয়েস্ট বেঙ্গল ফিল্ম সেন্টার।

প্রথম বছরের মতো, এ-বছরও ফরাসি চলচ্চিত্র উৎসবে কোনও প্রতিযোগিতা থাকছে না। থাকছে না প্রবেশমূল্য। এবার ফরাসি চলচ্চিত্র উৎসবে ৪০টি ছবি দেখানো হবে। মোট ছ’টি বিভাগে দেখানো হবে ফরাসি ও ভারতীয় ছবিগুলি। ১) ফ্রেঞ্চ ক্লাসিক ২) ফ্রেঞ্চ কনটেম্পোরারি সিনেমা ৩) ইন্ডিয়া অ্যাট কানস ৪) কল অফ দ্য মাউনটেইনস (ফোকাস ভুটান) ৫) অ্যানিমেশন ফিল্মস ৬) ফ্রেঞ্চ শর্ট মুভি নাইটস।
ফ্রঁসোয়া ত্রুফোর ‘দ্য লাস্ট মেট্রো’, গোদার পরিচালিত ‘অ্যালফাভিল’-এর মতো ছবিগুলি থাকছে ফ্রেঞ্চ ক্লাসিক বিভাগে। এর পাশাপাশি কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, এমন কয়েকটি ভারতীয় ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে৷ ‘ইন্ডিয়া অ্যাট কানস’ বিভাগে থাকছে ওই ছবিগুলি। থাকছে প্রখ্যাত ফরাসি পরিচালক-তথ্যচিত্র নির্মাতা লুই মাল পরিচালিত ‘গুডবাই, চিলড্রেন’। এই বিভাগেই বাংলা ছবির মধ্যে রয়েছে পরিচালক মৃণাল সেনের ‘খারিজ’, সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’, গৌতম ঘোষের ‘আবার অরণ্যে’।

প্রথম বছরের মতো, এ-বছরও ফরাসি চলচ্চিত্র উৎসবে কোনও প্রতিযোগিতা থাকছে না। থাকছে না প্রবেশমূল্য। এবার ফরাসি চলচ্চিত্র উৎসবে ৪০টি ছবি দেখানো হবে। মোট ছ’টি বিভাগে দেখানো হবে ফরাসি ও ভারতীয় ছবিগুলি।
এ ছাড়াও এই বিভাগে দেখানো হবে কনস্ট্যান্টিন বোজানভ পরিচালিত ‘দ্য শেমলেস’, গৌতম ঘোষের ‘রাহগির’, শ্যাম বেনেগালের ‘মন্থন’, সুধীর মিশ্রর ‘হাজারো খোয়ায়িশ অ্যায়সি’ ছবিগুলি। সমসাময়িক ফরাসি ছবির তালিকায় রয়েছে ‘ওয়াইল্ডারনেস থেরাপি’, ‘হোমকামিং’, ‘সুগার অ্যান্ড স্টারস’, ‘উইন্টার বয়’, ‘গ্রিন টাইড’-এর মতো একগুচ্ছ জনপ্রিয় সিনেমা। এবার ফরাসি চলচ্চিত্র উৎসবে স্পেশাল স্ক্রিনিং হবে অরণ্য সহায় পরিচালিত ‘হিউম্যান ইন দ্য লুপ’।
আগামী ২২ ফেব্রুয়ারি নন্দন ১-এ ফরাসি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির থাকবেন নাসিরুদ্দিন শাহ, গৌতম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুক্মিণী মৈত্র, অনসূয়া সেনগুপ্ত, প্রীতিময় চক্রবর্তী, কলকাতায় ফ্রান্সের কনসাল জেনারেল দিদিয়ের তালপ্যাঁ, আলিয়ঁস ফ্রসেঁ দ্যু বেঙ্গল-এর বর্তমান পরিচালক নিকোলাস ফ্যাসিনো, শান্তনু বসু (আইএএস তথা প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল)। ২৩ ফেব্রুয়ারি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মন্থন’ দেখানো হবে। প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে হাজির থাকবেন নাসিরুদ্দিন শাহ। চলচ্চিত্র উৎসবে সিনেমা প্রদর্শন ছাড়াও থাকবে সিনেমা সম্বন্ধীয় নানা মনোজ্ঞ আলোচনা।

নন্দন ১, ২, ৩ প্রেক্ষাগৃহ ছাড়াও ২৮ ফেব্রুয়ারি, উৎসব শেষের আগের দিন সারা রাত পার্ক ম্যানসনে অনুষ্ঠিত হবে ফ্রেঞ্চ শর্ট মুভি নাইট ম্যারাথন। একনাগাড়ে ছবি প্রদর্শিত হবে রাত ৯টা থেকে সকাল ৬টা অবধি। ১ মার্চ, বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে দ্বিতীয় ফরাসি চলচ্চিত্র উৎসব।
