কাহিনির লেখক ও শিল্পী প্রমিতপর্ণ পাল
বাংলা গ্রাফিক নভেল-এর সুদীর্ঘ তালিকায় নতুন সংযোজন ‘কাট্টু ও গোপুর অভিযান’। লেখক ও চিত্রশিল্পী, দুই-ই প্রমিতপর্ণ পাল। যা প্রকাশিত হয়েছে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। গ্রাফিক নভেল। অর্থাৎ ছবিতে গল্প বলা। বিশ্ব সাহিত্যের অন্যতম জনপ্রিয় মাধ্যম এটি। ছবি, চরিত্রদের মধ্যে টুকরো কথাবার্তা, কিছুক্ষেত্রে দু-এক লাইন বিবরণ, এভাবে বলে ফেলা হয় গোটা একটা কাহিনি। কমিকস-ও একই গোত্রের, তবে কমিকসে কাহিনির দৈর্ঘ্য সাধারণত অপেক্ষাকৃত ছোটো হয়। যাইহোক, গ্রাফিক নভেল (Graphic Novel) বা কমিকস (Comics), শুধুমাত্র ছোটোদের কাছেই নয়, বড়োদের কাছেও সমান উপভোগ্য। গ্রাফিক নভেলের বিষয় হতে পারে যে-কোনও কিছু- রূপকথা, পুরাণ কাহিনি, ভৌতিক কাহিনি, ঐতিহাসিক বা গোয়েন্দা কাহিনি ইত্যাদি। আর্ট স্পাইজেলম্যান-এর মাউস, অ্যালেন মুরের ওয়াচম্যান থেকে ব্যাটম্যান-স্পাইডারম্যানের গ্রাফিক নভেলগুলি থাকে বইপ্রেমীদের অবশ্যপাঠ্যের তালিকায়। বাংলাতেও রয়েছে প্রচুর গ্রাফিক নভেল- জাপানি মাঙ্গা বুকস-এর বঙ্গানুবাদ থেকে ফেলুদা-ব্যোমকেশের গ্রাফিক নভেলের বই বা অন্যান্য মৌলিক গোয়েন্দা কাহিনি।

প্রমিত ছবি আঁকা শিখেছেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে। এটি তাঁর প্রথম বই। নিজে চিত্রশিল্পী, তাই গ্রাফিক নভেলকে বেছে নেওয়ার কারণকে সহজেই অনুমান করা যায়। কাহিনির বিষয় পরিবেশ দূষণ এবং তার প্রতিকার। দুই বন্ধু, কাট্টু আর গোপু, প্রতিদিনের যাওয়া-আসার পথে নিজেদের শহরের পরিবেশের বদল দেখতে পায় রোজ। দেখতে পায়, কীভাবে উন্নয়নের স্বার্থে গাছ কেটে ফেলা হচ্ছে, কলকারখানার দূষণে ছেয়ে যাচ্ছে শহরের বাতাস। তার প্রভাব পড়ছে শহরের জীবনযাত্রার উপর। এই পরিবেশ দূষণ এবং তার প্রতিকারকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। প্রমিতপর্ণ বঙ্গদর্শন.কম-কে জানান, “আমি পরিবেশ ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে কাজ করতে ভালোবাসি। তাই এই কাজে পরিবেশকেই বেছে নিয়েছি।” বিশেষ করে ছোটোদের জন্য এই বই লেখা হয়েছে। ছবিগুলিও প্রতীকী। লেখা ও শব্দচয়ন সহজ ও সাবলীল। এই বইয়ে গ্রাফিক নভেলের পরিচিত কাঠামোকে খানিক ভেঙেছেন প্রমিত। দুটি করে পাতা জুড়ে এক একটি দৃশ্য আঁকা হয়েছে। লাল, নীল, সবুজ, কালো বিভিন্ন রঙের ব্যবহারে ছবিগুলি ফুটিয়ে তুলেছে শহরকে। ছবিগুলি ইচ্ছাকৃতভাবেই এমনভাবে আঁকা, যাতে মনে হয় ছোটো কোনও বাচ্চা এঁকেছে। একটি শিশুকে নিঃসন্দেহে আকর্ষণ করবে। বড়োরাও নিজেদের চারপাশের সঙ্গে গল্পের দৃশ্যের মিল পাবেন। মুর্শিদাবাদের বাসিন্দা প্রমিত এখন চাকরিসূত্রে ত্রিপুরার আগরতলায় থাকেন। তিনি বলেন, “রোজ যাতায়াতের পথে পরিবেশের এই ক্ষতিকারক বদল চোখে পড়ে। তাই এই শহরকেই প্রতীকীভাবে ছবি আর গল্পে তুলে এনেছি। তবে অন্যান্য জায়গায় পরিবেশ দূষণের কাহিনি তো একইরকমের।”

প্রমিত কাট্টু আর গোপুর মাধ্যমে বলিয়ে নেন শহরের দ্রুত বদলে যাওয়ার কথা। লেখেন, “শহরের মস্ত মস্ত সব বাড়ি ঘর। কে কত বড়ো, কত উঁচু বাড়ি বানাতে পারবে তাই নিয়ে চলছে লড়াই। কাট্টু – গোপু দুই বন্ধু ঘোরে শহর জুড়ে। আর দেখে সব কিছু কীভাবে বসলে যাচ্ছে দ্রুত।”
যাকে চলতি ভাষায় টার্গেট অডিয়েন্স বলে, তা কেবল ছোটোরা কেন? যেখানে পরিবেশ সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বইয়ের গঠনকাঠামো, ভাষা, ছবিতে তেমনই মনে হয়। বইয়ের শেষে লেখক-পরিচিতিতে সেই কথা লেখাও রয়েছে। প্রমিত জানান, “ছোটোরা যদি প্রথম থেকেই পরিবেশ দূষণ নিয়ে সচেতন হয়, তা ভবিষ্যতের জন্য খুবই উপযোগী। আর বড়োরাও এই বই পড়ে নিজেদের চারপাশের সঙ্গে অনেক মিল খুঁজে পাবেন। তাঁদেরও ভালো লাগবে আশা রাখছি”। তিনি আরও জানান, “প্রথমে ছবি দিয়েই গল্পটা সাজাবো ভেবেছিলাম। কারণ ছবি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। পরে তাতে কথা এবং বর্ণনা যুক্ত করি।” প্রথমে ইংরেজিতে লেখার কথা ভেবেছিলেন। পরে মনে হয়, মাতৃভাষাতেই নিজের বার্তা সবথেকে সহজে পৌঁছে দিতে পারবেন সবার কাছে।
প্রমিত কাট্টু আর গোপুর মাধ্যমে বলিয়ে নেন শহরের দ্রুত বদলে যাওয়ার কথা। লেখেন, “শহরের মস্ত মস্ত সব বাড়ি ঘর। কে কত বড়ো, কত উঁচু বাড়ি বানাতে পারবে তাই নিয়ে চলছে লড়াই। কাট্টু – গোপু দুই বন্ধু ঘোরে শহর জুড়ে। আর দেখে সব কিছু কীভাবে বসলে যাচ্ছে দ্রুত।”

কাট্টু শহরের পথে ই-অটোরিক্সা চালায়, আর গোপু সাইক্লিস্ট। এই দুই বন্ধুর যানকে বেছে নেওয়ার পিছনেও রয়েছে পরিবেশ সচেতনতার বার্তা। কারণ ই-অটোরিক্সা আর সাইকেল, দুটোই পরিবেশবান্ধব যান। মিশ্র মাধ্যমে আঁকা ৪৮ পাতার এই বইটি পাওয়া যাচ্ছে আগরতলায় এবং কলকাতায় জ্ঞান বিচিত্রার অফিসে। প্রমিত জানান, এই সিরিজ নিয়ে আরও কাজ করার পরিকল্পনা আছে তাঁর, যেখানে তিনি তুলে ধরতে চান পরিবেশ সচেতনতার অন্যান্য দিকগুলিকে।
_____ কাট্টু ও গোপুর অভিযান/ গল্প ও ছবি প্রমিতপর্ণ পাল/ জ্ঞান বিচিত্রা প্রকাশনী/ মুদ্রিত মূল্য ৩০০ টাকা
*মৌলিক গ্রাফিক নভেল বলতে সেই গ্রাফিক নভেলগুলিকে বোঝানো হয়েছে, যার কাহিনিগুলি মৌলিক।