
তিনবার হেরেও দুর্যোগে রায়দিঘীর পাশে দাঁড়াতে ভুললেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী
সুন্দরবন-রায়দিঘি অঞ্চলে বলাবলি হয়, “ঝড়ের আগে কান্তি আসে”। না, একবর্ণও মিথ্যে নয়। ইয়াস (Yaas) আসার আগেই কান্তি গাঙ্গুলিকে দেখতে পেলেন অঞ্চলের মানুষ। তিন তিনবার হেরেও দুর্যোগে রায়দিঘীবাসীর পাশে দাঁড়াতে ভুললেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
আয়লা, বুলবুল কিংবা ফণী, আমফান — এলাকাবাসীকে সুরক্ষা দিতে নিজেই ঝাঁপিয়ে পড়েন। আয়লা বা আমফানের সময় সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন খাবার, জল, ত্রিপল। গতবার আমফানের সময় দেখা গিয়েছিল বৃষ্টি মাথায় ঘুরেছেন গ্রামে গ্রামে। বাঁধ মেরামতির কাজেও হাত লাগাতে দেখা গিয়েছিল তাঁকে। তবে একুশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে আবারও হেরে গিয়েছেন প্রবীণ বাম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। তা সত্ত্বেও এলাকার মানুষের থেকে মুখ ফেরাননি। ইয়াস আসার আগেই পৌঁছে গিয়েছেন রায়দিঘিতে।
ঝড়বৃষ্টির আগের রাতে দুটি গাড়িতে ত্রিপল, খাবার, ওষুধ পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন এলাকায়। বাইকে চেপে নিজেই ছুটেছেন কখনও। গতকাল বৃষ্টি কিছুটা কমতেই ছাতা মাথায় ঘুরেছেন গ্রামে গ্রামে। কখনও বাঁধ মেরামতের কাজে তদারকি করেছেন। তবে নিজে হাত লাগাতে পারেননি। কারণ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ। যদিও সাংবাদিকদের তিনি জানিয়েছেন, “আমার বাড়ির চারপাশ জলমগ্ন। আমাকে বাড়িতে আটকে থাকতে হয়েছে। নাহলে বেরিয়ে পড়তাম ঠিক।”
তবে বামশূন্য বিধানসভা হোক বা ভোটের রেজাল্ট, কান্তি আছেন মানুষের পাশেই।
