কলকাতার ট্রামের সুর ইন্দ্রনীল সেনের কণ্ঠে

প্রায় পাঁচবছর পর একটি গানের মাধ্যমে সঙ্গীতের মূলস্রোতে ফিরতে চলেছেন ইন্দ্রনীল সেন

“কলিকাতার ট্রামের গানে, নিশ্চিন্তি মনে প্রাণে
ছোলাভাজা হাতে লইবা, কোনও টেনশন নাই এখানে
জানলার পাশে বোসো গো কন্ডাক্টর মশাই,
ঢিক্কির ঢিক্কির ঢিক্কির ঢিক্কির ট্রাম চলেছে ভাই।”

ঠিক এমনই কতগুলো লাইনে সুর দেওয়া হল। ঠিক এমনই এক গানে উঠে এল প্রিয় শহর কলকাতার এদিক ওদিক ছড়ানো ছেটানো নানারকম প্রসঙ্গ। ট্রাম, ছোলাভাজার নস্ট্যালজিয়া এবার ফিরে আসতে চলেছে গায়ক ইন্দ্রনীল সেনের কণ্ঠে। প্রায় পাঁচবছর পর এইরকম একটি গানের মাধ্যমেই সঙ্গীতের মূলস্রোতে ফিরতে চলেছেন ইন্দ্রনীল। পুজোর আগেই প্রকাশ পাবে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল। সেই প্রস্তুতি তুঙ্গে। এর পাশাপাশি তিনি সংকল্প নিয়েছেন, আগামী ছয় মাসে রাজ্যের প্রতিটি জেলায় অন্ততপক্ষে একটি করে একক গানের অনুষ্ঠান করবেন। তাঁর লক্ষ্য আঠারো বছরের কমবয়সী শ্রোতারা। 

ঢিক্কির ঢিক্কির ঢিক্কির ঢিক্কির ট্রাম চলেছে ভাই – ইন্দ্রনীল সেন

এই মন্ত্রী মহোদয়কে গানে ফেরাতে মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন ভূমি ব্যান্ডের প্রাক্তন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। লোকসঙ্গীতের আবহে বাঁধা এই গানে কোনো ইলেকট্রনিক বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। রয়েছে হারমোনিয়াম, রিদম গিটার, পারকাশন এবং কাহনের মতো অ্যাকুস্টিক ইন্সট্রুমেন্ট। এই গানটি লিখেছেন স্বয়ং সুরজিৎ চট্টোপাধ্যায়। 

প্রসঙ্গত জানা যায়, খুব ছোটবেলা থেকেই ইন্দ্রনীল ট্রাম ভক্ত। পছন্দ ছিল বালিগঞ্জ থেকে টালিগঞ্জের রুট। কলকাতার হেরিটেজ বা ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে ট্রাম৷  ছোটবেলার সমস্ত স্মৃতি না হয় উজার করে দেওয়া হোক একটি গানে। এই গানের জগতের জন্য ইন্দ্রনীল মন কেড়ে নিতে পেরেছেন বাঙালি শ্রোতার। টেলিভিশন হোক বা লাইভ অনুষ্ঠান, এইসব মাধ্যমে ইন্দ্রনীল পৌঁছে গিয়েছেন ঘরে ঘরে। এতদিন পর আবার বাংলা গানের আসরে ফিরতে পেরে স্বয়ং গায়কের সঙ্গে সঙ্গে নিশ্চয় খুশি তাঁর শ্রোতারাও। এমনই এক বিস্ময় মুক্তি পাবে এ মাসের ২৫ তারিখে। গানের ভিডিওর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে ইন্দ্রনীল সেনের ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম দেওয়া হয়েছে ‘বাংলার গান’। বাঙালি শ্রোতার কাছে ‘বাংলার গান’ নতুন করে পৌঁছে যাবে। এই সুবর্ণ সুযোগ নিশ্চয় কেউ হাতছাড়া করবেন না। পুজোর পর থেকে পুরোদমে চলবে জেলায় জেলায় একক অনুষ্ঠান। শুরু করবেন কল শো। ডিসেম্বর মাসে প্রকাশ করবেন তাঁদের নিজস্ব ব্যান্ড ‘নগর ফিলোমেল’-এর বিখ্যাত গান “বিজনের চায়ের কেবিন”-এর রিমেক, স্বকণ্ঠে। 

সক্রিয়ভাবে রাজনীতিতে আসার পর প্রায় পাঁচবছর গান থেকে বেশ দূরেই ছিলেন ইন্দ্রনীল। আর তাতে শ্রোতাদের মনে ধাক্কা খাচ্ছিল অভিমানের চোরা-স্রোত। 

“ট্রাম গাড়ি দারুণ গাড়ি রেলগাড়ির মতোন প্রায়
ছুটছে সব দিগ্বিদিক ট্রাম নিজের মতোন যায়
নানা মানুষ বুকে নিয়া নানান রাস্তায় ভাই
ধীরে ধীরে তার ছন্দে কলিকাতার কণ্ঠে আহা কী আনন্দে
ট্রাম চলেছে ভাই…”

সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের কণ্ঠের আওয়াজে কলকাতা দেখুক ট্রাম চলার ভালোবাসা। কলকাতার মানুষ খুঁজে নিক ধিক ধিক ট্রাম চলার নিজস্ব ছন্দ। আর এভাবেই বাঙালির ঐতিহ্য ফিরে ফিরে আসুক।

Developed by DXDasia