২০২৫ সালের মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতা, সকলের জন্য চক্ষু-স্বাস্থ্য
নবজাতক থেকে বৃদ্ধ – সকলেরই চোখের চিকিৎসা করাবে রাজ্য সরকার, সোমবার নবান্নে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই নতুন কর্মসূচির নাম ‘চোখের আলোয়’। কর্মসূচির লোগো ও নামকরণ করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য, ২০২৫ সালের মধ্যে প্রত্যেকের চোখের সুস্থতা। সকলের জন্য চক্ষু-স্বাস্থ্য। এই পদ্ধতি সময়সাপেক্ষ। মঙ্গলবার থেকেই ১২০০টি গ্রাম পঞ্চায়েত এবং শহরকে ১২০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই প্রকল্প চালু হবে। পরে সব গ্রাম পঞ্চায়েত এবং শহরকে আনা হবে এর আওতায়।”
এই কর্মসূচিতে গোটা রাজ্যের অন্তত ২০ লক্ষ্য বয়স্ক মানুষের চোখের পরীক্ষা করবেন চক্ষু বিশেষজ্ঞরা।ছানি অপারেশন করা হবে নিখরচায়। দরকারে বিনামূল্যে তাঁদের চশমাও বানিয়ে দেবে সরকার। প্রশাসনের ধারণা, অন্তত ৮,২৫,০০০ মানুষকে চশমা দিতে হবে।এর পাশাপাশি, সব সরকারি স্কুলের ছাত্রছাত্রীদেরও চোখ পরীক্ষা করাবে সরকার। এ ক্ষেত্রে প্রায় চার লক্ষ্য চশমা দিতে হতে পারে সরকারকে। অঙ্গনওয়াড়ির শিশুদের জন্যেও রয়েছে একইরকম ব্যবস্থা। তিনশোর বেশি চক্ষুশল্য চিকিৎসক এবং অন্তত ৪০০ জন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করছে প্রশাসন।
২০২৫ সাল পর্যন্ত সরকারি উদ্যোগে চলবে ‘চোখের আলোয়’ কর্মসূচি।
