
এলাকায় নজরদারির জন্য স্কুটি, স্কুটার, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম-এর গাড়ির সূচনা করা হয়
বিধাননগর পুলিশের নয়া উদ্যোগ। নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে ২০২১-এর প্রথম দিনে নতুনভাবে একটি মোবাইল অ্যাপ চালু করল তারা। পাশাপাশি এলাকায় নজরদারির জন্য স্কুটি, স্কুটার, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম-এর গাড়ির সূচনাও করা হয়। আগেও বিধাননগর পুলিশের অ্যাপ ছিল। কিছু সমস্যার কারণে তা কার্যকর হয়নি। এ দিন পুরোনো অ্যাপটিকেই উন্নত করে ফের চালু করা হল। অ্যাপটি ডাউনলোড করে যে কোনও সময়ে পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। কোনও রকম বিপদে পড়লে অ্যাপের মধ্যে থাকা একটি প্যানিক বোতামে ক্লিক করলে পুলিশের কাছে সেই ব্যক্তির অবস্থান অতি দ্রুত পৌঁছে যাবে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপদগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করার কাজে সহযোগিতা করবে। এমনকি বিধাননগর পুলিশের ফেসবুক পেজেও এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
বিধাননগর পুলিশ কমিশনার জানিয়েছেন, এই এলাকার বাসিন্দাদের, বিশেষ করে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তায় একটি শক্তিশালী টিম গঠন করা হচ্ছে। কমিশনারের বিশ্বাস, এতে নিরাপত্তা আরও জোরালো হবে। আপাতত বিধাননগরের তিনটি জোনে এই পরিকাঠামো বাড়ানো হচ্ছে।
