বর্ষশেষে ইকোপার্কে হয়ে গেল অভিনব পাখি অভিযান ওরফে ‘বার্ড-ওয়াক’

শহরের বুকে এধরনের পাখি-অভিযানের উদ্যোগ এই প্রথম

পাখি সব করে রব – শীতকালীন শহরে এই লাইনটা একটু বেশিই প্রযোজ্য। কারণ, আমাদের নিজস্ব পাখি ছাড়াও এইসময় শহরের বিভিন্ন এলাকায় পরিযায়ী পাখিরা আসে। আর এই সুযোগটাই এবার অভিনব উপহার হয়ে উঠলো পক্ষীপ্রেমীদের কাছে। সম্প্রতি ইকোপার্কে আয়োজিত হয়েছিল ‘বার্ড ওয়াক’। শহরের বুকে এধরনের পাখি-অভিযানের উদ্যোগ এই প্রথম। ইভেন্টটির মূল আয়োজক ছিল হিডকোর তরফে নেচার এনভায়নমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি (নিউজ)। হিডকোর সভাপতি দেবাশিস সেন পাখিদের জন্য অনেক উদ্যোগ নেন। ইকো পার্কে যে পাখি বিতান রয়েছে, তার রক্ষণাবেক্ষণের দিকে নজর দেয় হিডকো।

১৫ ডিসেম্বর থেকেই আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছিল। তাতে ভালোই সাড়া মেলে। ১৮ ডিসেম্বর সকাল সকাল ইকোপার্কের পাখি বিতানের সামনে একজোট হয়েছিলেন পাখিপ্রেমীরা। যাঁরা এই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন সফর শেষে তাঁদের জন্য রিফ্রেশমেন্ট-এর ব্যবস্থা ছিল। উপস্থিত ছিলেন ‘নিউজ’ সংস্থার পক্ষ থেকে পরিবেশ-প্রেমী তথা পাখি-বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায়চৌধুরী এবং অজন্তা দে। আগামী বছরগুলোতেও এই ইভেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিশিষ্ট পাখি-চিত্রগ্রাহক প্রদ্যৎ চৌধুরীর কথায়, “একদিনের জন্য আয়োজিত এই অভিযান সফল হয়েছে বলেই ধরা যেতে পারে কারণ, আমরা প্রায় ৫২টি পাখি তালিকাভুক্ত করতে পেরেছি। Olive backed pipit, Black Redstart, Taiga flycatcher দেখা গিয়েছিল এইসব পরিযায়ী পাখিদের।  এছাড়াও shikra, orange headed thrush, Oriental Honey buzzard -এর মতো পাখিদের দেখা মিলেছে। যারা পাখি ভালোবাসে, তাদের জন্য এই উদ্যোগ খুবই আনন্দদায়ক।”

Hoopoe Bird

প্রসঙ্গত, এক সময় রাজারহাটে তৃণভূমি এবং জলাভূমিতে অনেক পাখি ছিল। এখন তারা সংখ্যায় অনেক কম। স্বল্প সময়ের জন্য হলেও ইকো পার্কের পিছনে ও রাজারহাট গ্রাসল্যান্ডে লালমুনিয়া দেখতে পাওয়া গিয়েছে। সল্টলেকের বনবিতানে আগে ছিল অনেক মৌটুসি। ফুলের গাছ কাটা হচ্ছে বলে সেগুলো বিরল হয়ে এসেছে। আগে যেমন সকালে পাখির ডাক শোনা যেত, এখন প্রায় যায়ই না। তবে আশার কথা, শকুন ছাড়া কোনো পাখিই কলকাতা থেকে লুপ্ত হয়ে যায়নি। এখনও পাখিদের সংখ্যা বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা আছে। তার জন্য এখন উদ্যোগী হচ্ছে প্রশাসন, বিভিন্ন পরিবেশপ্রেমী সংস্থা, নাগরিকদের সচেতনতাও বাড়ছে এবং তারই ফলফল স্বরূপ এহেন ‘বার্ড-ওয়াক’।  

 

 

 

Post Tags
Developed by DXDasia