হাল না ছাড়ার স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছেন তিনি
গত বছর করোনার কারণে বসতে পারেনি অলিম্পিক্সের আসর। ২০২১-এর দিকেই তাকিয়ে ছিলেন বিশ্বের খেলার জগতের মানুষরা। তাদেরকে আশাহত না হতে দিয়ে এ বছর অতিমারির মধ্যেই বিধিনিষেধ, সতর্কীকরণ মেনে টোকিওয় শুরু হয়েছে ‘টোকিও অলিম্পিক্স ২০২০’।
দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে এই অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন একাধিক বাঙালি খেলোয়াড়। তবে, তিরন্দাজিতে আশা জাগিয়েও পদক আনতে ব্যর্থ হয়েছেন দীপিকা, অতনুরা। কিন্তু এরপরও অলিম্পিক্সে বাঙালির যাত্রা থেমে থাকেনি। নেপথ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী ইন্দ্রনীল দত্ত। টোকিও অলিম্পিক্স-এ এবার তীরন্দাজির অন্যতম বিচারকের ভূমিকায় রয়েছেন তিনিই।
ছোটবেলাতেই তীরন্দাজে হাতেখড়ি হয়েছিল। কিন্তু পড়াশোনার কারণে খুব বেশিদিন খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। তবে, একটুও দমে যাননি তিনি। হাল না ছেড়ে স্বপ্ন বোনা থামাননি তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক প্রযুক্তিতে স্নাতক হওয়ার পর তিনি পাড়ি জমান জার্মানিতে। তীরন্দাজির বিচারক হওয়ার জন্য করেন বিশেষ কোর্স। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিচারকের ভূমিকায় তাঁর অভিষেক হয় ২০০৯-এ। তারপর ২০২১-এ হাল না ছাড়ার স্বপ্ন বাস্তবায়িত করে আপামর বাংলার মুখোজ্জ্বল করে টোকিও অলিম্পিক্সেও বিচারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ইন্দ্রনীল।